২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি শিল্পে শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা হবে: বাণিজ্য উপদেষ্টা

চিংড়ি শিল্পে শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিংড়ি শিল্পে শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'চিংড়ি শিল্পে বাংলাদেশ শ্রম আইন' শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে ক্রেতারা পণ্যের গুণগত মানের সঙ্গে কোন আপোষ করে না। তাই পণ্যের যথাযথ মান বজায় রাখতে মনিটরিং কার্যক্রমের ওপর গুরুত্ব দিতে হবে।" বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন (বিএসএফএফ) এবং বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এ সেমিনারের আয়োজন করে। বাণিজ্য উপদেষ্টা বলেন, চিংড়ি খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সরকার শ্রম অধিকার বাস্তবায়নের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। তিনি বলেন, "শ্রমিকদের পাশাপাশি সাধারণ নাগরিকের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে।" চিংড়ি প্রক্রিয়াকরণ খাতে শ্রমিকদের অধিকার যথাযথভাবে রক্ষিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য একটি গ্রহণযোগ্য সংস্থা গঠনের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশের ওপর বিদেশি ক্রেতাদের আস্থা বাড়াতে সহায়ক হবে। আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির আবাসিক প্রতিনিধি ডেভিড জে ওয়েলশ বলেন, শ্রমিক অধিকার রক্ষার ইস্যুতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। পাশাপাশি বাংলাদেশের সব শিল্প খাতেই শ্রম আইন বাস্তবায়নের তাগিদ দেন তিনি। ওয়েলশ স্পষ্ট করে বলেন, বাংলাদেশী পণ্য বয়কটের কোন উদ্যোগকেই তিনি সমর্থন করেন না। প্রতিনিধি ওয়েলশ বলেন, "আমরা বাংলাদেশের পণ্য বয়কটের পক্ষে নই। আমরা বলছি, বাংলাদেশী পণ্যকে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পেতে হলে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।" সেমিনারের মূল প্রবন্ধে বিএসএফএফ এর নির্বাহী পরিচালক মাহমুদুল করিম বলেন, হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা করে বিএফএফইএ ইতোমধ্যে একটি ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে, এ সমিতির অধীনস্থ সব কারখানায় শ্রম আইন মেনে চলা হবে। চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে শিশু শ্রমিক ব্যবহার বন্ধ করা, অভিযোগ বাক্স স্থাপন এবং শ্রমিক অধিকার সংগঠনগুলোর কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে বলেন তিনি। আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ শাখার পরিচালক পানুদ্ধা বুনপলা বলেন, শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধে শিশুদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। ভারপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান সচিব মাহফুজুল হক বলেন, শ্রম আইন ভঙ্গের যেকোনো ধরনের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। শ্রম আইনের বাস্তবায়ন মনিটরিংয়ের জন্য সরকার শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার, ইউএসএইড এর আবাসিক প্রতিনিধি ডেনিস রলিনস, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, বিএসএফএফ এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, বিএফএফইএ এর সভাপতি কাজী বেলায়েত হোসেন আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে/এসকে/২০২৬ঘ.