২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি নিয়ে আগামী ২০ বছর পর্যন্ত ভাবনা নেই: তামিম

জ্বালানি নিয়ে আগামী ২০ বছর তেমন সমস্যায় পড়তে হবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। তবে এর পরের অবস্থা নিয়ে সংশয় রয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিয়ে আগামী ২০ বছর তেমন সমস্যায় পড়তে হবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। তবে এর পরের অবস্থা নিয়ে সংশয় রয়েছে তার। শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে 'জ্বালানি নিরাপত্তা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অধ্যাপক তামিম বলেন, "আগামী ২০ বছরের জন্য দেশের জ্বালানি নিরাপত্তা রয়েছে বলে আমি মনে করি। এরপর কী হয় তা জানি না।" দেশে গ্যাস উৎপাদনও পর্যাপ্ত দাবি করে তিনি বলেন, সরবরাহ লাইনের ত্র"টির জন্যই এক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। দৈনিক যুগান্তর আয়োজিত ওই গোলটেবিলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জ্বালানি খাতে বিগত সরকারগুলোর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, "প্রত্যেক সরকার এসেই সব দোষ আগের সরকারের ওপর চাপায়। আর যা কিছু ভালো তা রাখে নিজেদের কৃতিত্বে। তবে জনগণ দোষ কিংবা কৃতিত্ব সবই দেয় বিরাজমান সরকারের উপরে; পূর্ববর্তী সরকারকে দায়ী করার বিষয়টি তাদের ভাবনায় থাকে না।" জ্বালানি নিরাপত্তার বিষয়টি সারাবিশ্বেই এখন উদ্বেগের উল্লেখ করে অধ্যাপক তামিম বলেন, "এক্ষেত্রে আমাদের চিন্তা-ভাবনা করে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।" গোলটেবিলে বক্তব্য রাখেন বিচারপতি গোলাম রব্বানী, অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ, পিডিবি'র সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সিদ্দিকী, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. জালাল আহমেদ, এফবিসিসিআই-এর সহসভাপতি আবুল কাশেষ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক রহমত উল্লাহ, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএ কাদের কিরণ প্রমুখ। বিদ্যুতের বিলিংয়ের ক্ষেত্রে এখনও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ। সড়ক পরিবহন খাতের সঙ্গে পাল্লা দিয়ে রেল ও নৌপথে পরিবহনের ব্যবহারও বাড়ানোর পরামর্শও দেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে কাচের ভবনের সংখ্যা বৃদ্ধি বিদ্যুত খরচ বাড়িয়েছে দাবি করে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, "ভবনে কাঁচ ব্যবহারের কারণে শীতাতপ যন্ত্রের ব্যবহার বেড়েছে। ফলে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে।" বহুতল ভবনে কাঁচের ব্যবহার বন্ধ করা দরকার বলে মন্তব্য করেন তিনি। গ্যাসসহ জ্বালানি রপ্তানির বিরোধিতা করে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "গ্যাস, কয়লা কিছুই রপ্তানি করা যাবে না। জনগণের চাহিদা আগে মেটাতে হবে।" যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সালমা ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে যুগান্তরের উপ-সম্পাদক শাজাহান সরদার ও সাইফুল আলমও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচসি/এমআই/এমএ/১৮১৫ ঘ.