ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কর আইনজীবী সমিতি (বিটিএলএ)।
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বাণিজ্যিক আয়ের ওপর কর আরোপ এবং ব্যাক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করারও সুপারিশ করেছে সংগঠনটি।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিটিএলএ নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোশাররফ হোসেন।
তিনি বলেন, ভারতে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২৫ হাজার রুপি। দেশের বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে নতুন বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে দু'লাখ টাকা করা উচিত।
কর ন্যায়পালের ক্ষমতা না থাকায় প্রতিষ্ঠানটি কার্যকর হতে পারছে না দাবি করে মোশাররফ হোসেন বলেন, "ন্যায়পালের ক্ষমতা আরো বাড়ানো দরকার।"
আইনজীবী ও পরামর্শকদের আয়ে ১০ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ হারে উৎসে কর কাটার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান ভুইয়া বলেন, "আগামী বাজেটে রাজস্ব বাজেটকে আরো করবান্ধব করতে হবে। এতে করদাতারা স্বপ্রণোদিত হয়ে কর প্রদান উৎসাহিত হবে। নতুন বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার জন্য অর্থ উপদেষ্টার কাছে অনুরোধ জানান তিনি।"
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা এমএন হুদা, শাহ আলম মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসএনডি/২২১৯ ঘ.
bdnews24