ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি গবেষণা খাতে চলতি বাজেটে ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। প্রতিশ্র"তি আসে বিশ্বব্যাংক থেকে, তহবিলের পুরো অর্থায়নই তারা করবে। যদিও তাতে যুক্ত ছিল শর্ত। এ নিয়ে রশি টানাটানিতে ফেরত যাচ্ছে দেখে শেষে কিছুদিন আগে বিশ্বব্যাংকের কথা মেনে টাকা পাওয়া যায়। কিন্তু ততদিনে অর্থবছরও প্রায় শেষ। বাকি দেড় মাসে এ তহবিলের অর্থ খরচ হবে- এমনটা আশা করেন না অর্থ উপদেষ্টাও।
২০০৭-০৮ অর্থবছরের বাজেটে কৃষি উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো ৩৫০ কোটি টাকার কৃষি গবেষণা তহবিল গঠনের ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বিশ্বব্যাংক প্রতিশ্র"তি দেয়, তারা তহবিলের পুরোটা (৫০ মিলিয়ন ডলার) অর্থায়ন করবে। অর্থবছর শেষ হতে চললেও তহবিলের টাকা এখনও একই রয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, বিশ্বব্যাংকের একগুঁয়েমিপনার কারণেই ওই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। এক্ষেত্রে অবশ্য সরকারকেও কিছুটা দায়ী করেছেন তিনি।
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এ তহবিলের টাকা কৃষি গবেষণা কাজে ব্যয় করা সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে এ তহবিলের কোনও টাকা ব্যয় হবে বলে মনে হয় না। তবে নতুন বাজেটে এ তহবিলের পরিমাণ ৩৫০ কোটি টাকা থেকে বাড়ানো হবে।"
কর্মকর্তারা জানান, অর্থায়নের ক্ষেত্রে দাতা সংস্থাটি এ তহবিলের জন্য একটি আলাদা ট্রাস্ট গঠনের শর্ত দেয়। সরকার কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে এ তহবিলের অর্থ খরচ করার প্রস্তাব করলে বিশ্বব্যাংক তাতে রাজি না হয়ে সরকারকে জানায়, আলাদা ট্রাস্ট গঠন না করলে তারা এ তহবিলে অর্থায়ন করবে না।
শেষে বিশ্বব্যাংকের শর্ত মেনে কিছুদিন আগে কৃষিসচিব আবদুল আজিজকে চেয়ারম্যান করে কৃষি গবেষণা তহবিল পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করে সরকার। তাতে টাকা পাওয়াটা নিশ্চিত করা গেলেও ব্যয়ের সময় আর থাকেনি।
ট্রাস্টের অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বব্যাংকের একগুঁয়েমির কারণেই কৃষি গবেষণার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কাজ এতোদিন শুরু করা যায়নি।"
তবে এক্ষেত্রে সরকারেরও কিছু অবহেলা রয়েছে বলে মনে করেন তিনি।
আসাদুজ্জামান বলেন, "সরকারের উচিত ছিল বিশ্বব্যাংকের ওপর পুরোপুরি নির্ভর না করে ৫ কোটি টাকা দিয়ে হলেও তহবিল গঠনের কাজ শুরু করে দেওয়া। এরপর বিশ্বব্যাংক যে টাকা দিতো তা ওই তহবিলের সঙ্গে যোগ হতো। বিশ্বব্যাংকের ওপর পুরোপুরি নির্ভর করতে গিয়েই এ সমস্যা হয়েছে।"
"চলতি অর্থবছরের মধ্যে কৃষি গবেষণা তহবিলের জন্য বিশ্বব্যাংকের টাকা না নিলে ওই অর্থ ফেরত চলে যেত, তাই তড়িঘড়ি করেই ট্রাস্ট গঠন করে বিশ্বব্যাংকের টাকা ট্রাস্টের একাউন্টে নিয়ে আসা হয়েছে", বলেন আসাদুজ্জামান।
কৃষি গবেষণা খাতের গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, "বিশ্বজুড়ে খাদ্যপণ্যের যে সঙ্কট চলছে, তাতে উৎপাদন বাড়ানো ছাড়া আমাদের সামনে আর বিকল্প কোনও পথ খোলা নেই। আর এ কারণেই কৃষি গবেষণা খাতে বেশি গুরুত্ব দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24