ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে আগামী অর্থবছরের বাজেটে নারীদের জন্য খাতওয়ারি সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রাক বাজেট আলোচনা সভায় এ দাবি জানানো হয়। মহিলা পরিষদ আয়োজিত ওই সভায় বক্তারা বাজেটে নারী উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ রাখার মধ্য দিয়ে একটি নারীবান্ধব বাজেট চেয়েছেন।
সভায় অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, "ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিয়ে আমরা একটি নারীবান্ধব বাজেট চাচ্ছি। এক্ষেত্রে অর্থ উপদেষ্টা তার বাজেট ভাষণে নারীদের জন্য কোন খাতে কত বরাদ্দ দেওয়া হচ্ছে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেবেন। শুধু বরাদ্দ দিলেই হবে না, তার সঠিক বাস্তবায়নও করতে হবে।"
নারীর প্রয়োজনীয়তার দিকটি বিবেচনা করে করলে নারীবান্ধব বাজেট করা সম্ভব বলে আতিউর রহমান মনে করেন।
বাজেটে পর্যাপ্ত বরাদ্দের জন্য নারীদের সর্বক্ষেত্রে মজবুত অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সমাজে, রাজনীতিতে ও পরিবারে যদি নারীরা শক্তিশালী না হয়; তবে বাজেটে নারীর অধিকার আদায় হবে, এমন আশা করা ঠিক হবে না। এ জন্য প্রতিটি ক্ষেত্রে নারীকে শক্তিশালী হতে হবে।"
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, "দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে আগামী বাজেটে সুনির্দিষ্ট খাতওয়ারী বরাদ্দ করতে হবে।"
দারিদ্র্য বিমোচনের প্রচলিত ধারণার বাইরে গিয়ে বাজেটে নারী-পুরুষের বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মালেকা বানু বলেন, "নারী উন্নয়নের নামে যে বাজেট বরাদ্দ করা হয়, তা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিনা- সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাজেটে নারীর জন্য কল্যাণমুখী পদক্ষেপ নয়, ক্ষমতায়ন এবং সমঅংশীদারিত্বও নিশ্চিত করতে হবে।"
সভার মূল প্রবন্ধে বিআইডিএসের রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, "নারীবান্ধব বাজেট করতে হলে শুধু দুস্থ নারীর জন্য বরাদ্দ দিলেই হবে না। নারীর সৃজনশীলতা বিকাশের জন্য বরাদ্দ দিতে হবে। নারী-পুরুষের সৃজনশীল ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে।"
মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ, মহিলা পরিষদ নেত্রী রেখা চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/ ১৮১১ ঘ.
bdnews24