ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম দ্বিগুণ করার পর এবার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার বলেছেন, জ্বালানি তেলের দাম অবশ্যই বাড়বে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।
সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দাম বাড়ানোর সময় ঠিক হবে- জানিয়ে তিনি বলেছেন, "জ্বালানি তেলের দাম বাড়লে আগামী বাজেটে কৃষিখাতে তেলের ভর্তুকির পরিমাণও বাড়ানো হবে।"
ব্যাংককে এস্কাপ ও স্পেনের মাদ্রিদে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভায় অংশগ্রহণ শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন অর্থ উপদেষ্টা। এরপর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি বলেন, "জ্বালানি তেলের দাম অবশ্যই বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে দাম বাড়ানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। তবে দাম বাজেটের আগে বাড়ানো হবে, নাকি পরে বাড়ানো হবে- তা সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।"
অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে এখন প্রতি ব্যারেল তেল ১২৪ ডলারে বিক্রি হচ্ছে। এ দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অথচ একবছর আগে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৬০ থেকে ৬২ ডলার।
তেলের এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। লেনদেনের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। এ কারণে তেলের দাম বাড়ানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তবে এ মূল্য বৃদ্ধি এমনভাবে করতে হবে- যাতে নিম্ন আয়ের লোক বেশি ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে কৃষিখাতে কম ক্ষতি হয়। এ বিষয়গুলো বিবেচনা রেখেই তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে।"
অর্থ উপদেষ্টা আরও বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও এ খাতে আগামী বাজেটে কৃষিখাতে তেলের ভর্তুকির পরিমাণ বাড়ানো হবে। আগামী বাজেটে কোনো অবস্থাতেই করের হার বাড়ানো হবে না। কোনো কোনো ক্ষেত্রে করের হার কমতে পারে। তবে করের আওতা ( ট্যাক্স নেট) ব্যাপকভাবে স
bdnews24