ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাটার ঝুলে যাওয়া ৩০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আবার প্রতিষ্ঠানটির সঙ্গে বসতে যাচ্ছে বিনিয়োগ বোর্ড।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মো. কামালউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "রোববার টাটার লোকজন আসবে। তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।"
নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববারের বৈঠকে জ্বালানি বিভাগের কর্মকর্তারা থাকবেন। এতে বাংলাদেশে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত ২৯ এপ্রিল বাংলাদেশে টাটা কমিউনিকেশন বিভাগের গ্র"প ডিরেক্টর মানজের হোসাইন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, "বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আমরা আশাবাদী। সরকারকে আমরা আলোচনার প্রস্তাব দিয়েছি। শিগগিরই আলোচনা শুরু করা যাবে বলে আশা করছি আমরা।"
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর টাটা বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে ২০০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব দেয়। আলোচনা অনেক দূর এগুনোর পর তারা বিনিয়োগের পরিমাণ আরো একশ কোটি ডলার বাড়ানোর কথা বলে। ভারতীয় প্রতিষ্ঠানটির প্রস্তাবে বাংলাদেশে একটি বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, একটি স্টিল মিল ও একটি সার কারখানা স্থাপনের কথা ছিল। পরে তারা কয়লা খনি উন্নয়নেরও প্রস্তাব দেয়।
টাটার এই প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে চারদলীয় জোট সরকার একটি বিশেষজ্ঞ কমিটি করে। টাটার প্রস্তাবে 'গ্যাসের দাম কম' উল্লেখ করে ওই কমিটি এ ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন দেয়। টাটার প্রকল্পে সরবরাহের জন্য গ্যাসের দাম নির্ধারণ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে আলোচনা ভেস্তে যায়। ২০০৬ সালের জুলাইয়ে প্রস্তাব প্রত্যাহার করে নেয় টাটা।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের ফেব্র"য়ারিতে ওই বিনিয়োগ প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় টাটা গ্র"প। এরপরই সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/১৯১৪ ঘ.
bdnews24