চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আগামী অর্থ বছরের বাজেটে দেশীয় শিল্পের বিকাশ, কৃষির উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুল মজিদ। তিনি বলেছেন "কৃষির বিকাশে আমদানি নির্ভরতা কমাতে শুল্ক আরোপের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।"
বৃহস্পতিবার চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান। সেখানে তিনি আরও বলেন, শিল্প উৎপাদনকে উৎসাহিত করতে দেশি বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হবে। প্রয়োজনে বিদেশী বিনিয়োগ পুনর্মূল্যায়ন করা হবে। দেশীয় বিনিয়োগও যাতে রাষ্ট্রের সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, ইতিমধ্যে সব পর্যায়ের ব্যবসায়ী সংগঠন ও সমিতির সাথে প্রাক বাজেট আলোচনা করা হয়েছে। চট্টগ্রামে এ সভার মাধ্যমেই প্রাক বাজেট আলোচনা শেষ হচ্ছে।
চট্টগ্রামের এ সভায় বিভিন্ন সংগঠনের ৩০ জন ব্যবসায়ী বক্তব্য রাখেন। ব্যবসায়ীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আব্দুল মজিদ বলেন, শিগগির চট্টগ্রামে দুই সদস্যের একটি অ্যাপিল্যাট ট্রাইবুন্যাল বেঞ্চ স্থাপন করা হবে এবং বন্ড কার্যালয়ে একজন বন্ড কমিশনারেট নিয়োগ দেয়া হবে। ৪৮ ঘন্টার মধ্যে মূসক (ভ্যাট) নিবন্ধনের উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রাক জাহাজীকরণ নিরীক্ষা (পিএসআই) বাতিল করতে ব্যবসায়ীদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান চুক্তি শেষ হবে এ বছরের আগস্ট মাসে। এরপর শুল্ক কর্তৃপক্ষের জনবল, কাঠামো ও অন্যান্য বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন চালুর প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এ পদ্ধতি চালু হলে অনেক কাজ কমে যাবে। তিনি জানান শিগগির সব জটিলতা কাটিয়ে বন্দরে স্ক্যানার বসানো হবে।
ট্যাক্স হলিডের বিষয়ে ব্যবসায়ীদের দাবির বিষয়ে আব্দুল মজিদ বলেন, নির্দিষ্ট মাস, বছর হিসাব করে ট্যাক্স হলিডে কার্যকর করা যায় না। বিভিন্ন খাতে এ সুবিধা দেওয়ার জন্য যৌক্তিক বিষয় পর্যালোচনা করে বাজেটের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নে করের হার সহনশীল করে এর আওতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য আরও রাখেন এনবিআর সদস্য আহমেদ আলী, এমদাদুল হক ও মো. আলম। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন পিএইচপির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমদ, চেম্বার পরিচালক আমিরুল হক, রড প্রস্তুতকারী কারখানা বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন প্রমুখ।
সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ১০ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রাক জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) প্রথা বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, পিএসআই সংস্থাগুলোকে প্রতিবছর যে মাশুল দেওয়া হয় সেই টাকা দিয়েই বন্দরে স্ক্যানিং মেশিন বসানোসহ পুরো কাস্টম হাউসে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা যায়। দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব করে তিনি বলেন, দেশে তৈরি হয় এমন পণ্যে বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক সর্বোচ্চ পর্যায়ে নির্ধারণ করা উচিত। এতে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে তেমনি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
চেম্বার পরিচালক আমিরুল হক চট্টগ্রাম কাস্টম হাউজে ২৪ ঘন্টা শুল্কায়ন চালু রাখার প্রস্তাব করেন।
এ ছাড়া ইনহেলারসহ জীবন রক্ষাকারী ওষুধের ওপর সম্পূরক শুল্ক যৌক্তিকভাবে নির্ধারণ, সিমেন্ট তৈরির কাঁচামালের ওপর থেকে এটিআই প্রত্যাহার, ছোট খাবার দোকানে নির্দিষ্ট ভ্যট নির্ধারণ করার দাবি জানানো হয় সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/২১৫৬ ঘ.
bdnews24