আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকা (৪৪৬ কোটি ২০ লাখ ডলার) ছাড়িয়ে গেছে। অর্থবছর শেষে এই ঘাটতি ৫০ হাজার কোটি টাকায় (৭০০ কোটি ডলার) গিয়ে ঠেকতে পারে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরোর বাম্পার ফলনের কারণে আগামী কয়েক মাসে চাল আমদানি হয়তো কমবে। কিন্তু জ্বালানি ও ভোজ্য তেল এবং গুঁড়ো দুধসহ অন্য সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতির বর্তমান নেতিবাচক ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মোট এক হাজার ৪৬২ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। আর রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ১৬ কোটি ডলার। নয় মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪৪৬ কোটি ২০ লাখ ডলার বা ৩০ হাজার ৭৮৭ কোটি টাকা।
চলতি অর্থ বছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৬৫০ কোটি ডলার রেমিটন্স পাঠিয়েছেন। এই পরিমাণ গত বছরের মোট রেমিটেন্সের চেয়েও ৫০ কোটি ডলার বেশি।
রেমিটেন্সের প্রবাহ সন্তোষজনক হলেও আমদানি ব্যয় বাড়ায় কমে আসছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের ৬৮ কোটি ৪১ লাখ ডলার আমদানি বিল পরিশোধের পর বুধবার রিজার্ভ দাঁড়ায় ৫১০ কোটি ৭৪ লাখ ডলার। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৫৮০ কোটি ডলারের ওপরে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রবাসী বাংলাদেশীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোর পরও আমদানি ব্যয় বেশি হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর চাপ পড়ছে।"
তিনি বলেন, " গত কয়েক মাসে খাদ্য আমাদনি রেকর্ড পরিমাণ বেড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের দাম পড়ে গেছে।"
এ সব কারণে এবার বাণিজ্য ঘাটতি বেশি হবে বলে মোস্তাফিজুর রহমান জানান।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত অর্থবছর (২০০৬-০৭ ) বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৩৪৬ কোটি ডলার (২৩ হাজার ৪৭৪ কোটি টাকা)। ২০০৫-০৬ অর্থবছরে এর পরিমাণ ছিল ২৮৯ কোটি ডলার (১৯ হাজার ৯৪১ কোটি টাকা)।
চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ১৪৮ কোটি ডলারের পণ্য আমদানি হয়। ফেব্র"য়ারিতে তা পৌঁছায় ১৬৮ কোটি ডলারে। সর্বশেষ মার্চ মাসে রেকর্ড অঙ্ক ১৯৯ কোটি ডলারের পণ্য আমদানি হয়।
এই অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কেবল চাল আমদানিতেই ব্যয় হয়েছে ৭৪ কোটি ডলার। গত অর্থবছরের এই সময়ে চাল আমদানি হয়েছিল মাত্র সাত কোটি ৩৭ লাখ ডলারের ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২১২৬ঘ.
bdnews24