২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ব্যাংকে এসএমই সার্ভিস সেন্টার খোলার নির্দেশ

বেকার সমস্যা দূর করতে সব ব্যাংকে এসএমই সার্ভিস সেন্টার খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এই পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের সুপারিশমালা বাস্তবায়ন শুরু করলো সরকার। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেকার সমস্যা দূর করতে সব ব্যাংকে এসএমই সার্ভিস সেন্টার খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এই পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) সুপারিশগুলোর বাস্তবায়ন শুরু করলো সরকার। গত ২৩ এপ্রিল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিবিবিএফের বৈঠকে যে ১১৪টি সুপারিশ করা হয় তাতে এসএমই সার্ভিস সেন্টার খোলার বিষয়েও সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। সে অনুযায়ী, দেশে কার্যরত সব ব্যাংকে এসএমই সার্ভিস সেন্টার খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। আর সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয় সরকার। ওই নির্দেশের আলোকেই কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকে এসএমই সার্ভিস সেন্টার খোলার ব্যাপারে সার্কুলার জারি করলো। 'এসএমই খাতে ঋণ বিতরণ ও আদায়ের জন্য এসএমই সার্ভিস সেন্টার খোলা' শীর্ষক ওই সার্কুলারে বলা হয়, এসএমই সার্ভিস সেন্টারের মাধ্যমে কেবল এসএমই গ্রাহকদের ঋণের আবেদন গ্রহণ, ঋণ বিতরণ, তদারকি, ঋণের কিস্তি আদায় সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এ খাতের উন্নয়নে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে সার্ভিস সেন্টারে আলাদা ডেস্ক খুলতে হবে। দেশের যে সব এলাকায় সংশ্লিষ্ট ব্যাংকের শাখা নেই, সে সব এলাকায় শুধু এসএমই সার্ভিস সেন্টার খোলার জন্য ব্যাংকগুলোর কাছ থেকে আবেদনপত্রও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের মধ্যে সেন্টার খুলতে আগ্রহী ব্যাংগুলোকে আগামী ১৫ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিবিবিএফ এর সদস্য ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে যেসব সুপারিশ করেছিলাম তাতে অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশ ছিল ছয়টি। সেগুলোর মধ্যে এসএমই সংক্রান্ত সুপারিশটিও ছিল।" তিনি বলেন, "বাকি সুপারিশগুলো বাস্তাবায়ন করা হলে দেশের ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আশা করি আমরা।" দেশের অর্থনীতিকে গতিশীল করতে গত বছরের ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টাকে প্রধান করে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে ৩৮ সদস্যের বিবিবিএফ গঠন করা হয়। এর পর বিভিন্ন খাতে সুপারিশ প্রণয়ণের জন্য পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়। ওয়ার্কিং গ্র"পগুলোর মতামতের ভিত্তেতে গত ২৩ এপ্রিল বিবিবিএফের বৈঠকে ১১৪টি সুপারিশ চূড়ান্ত করে তা বাস্তবায়নের জন্য চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে এসএমই সার্ভিস সেন্টার খোলার বিষয়টি ছিল 'এখনই করণীয়' ক্যাটাগরিভুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/