২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একইসঙ্গে রাজনীতি ও ব্যবসা নয়: আনিসুল হক

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেছেন, "যিনি রাজনীতি করবেন, তিনি দেশ চালাবেন; ব্যবসা করবেন না। আর ব্যবসায়ীরা রাজনীতি করবেন না। এমনটাই নিয়ম হওয়া উচিত।" বুধবার রাতে চট্টগ্রামে এক সংবর্ধনা সভায় তিনি জানান, রাজনীতির সঙ্গে ব্যবসায়ীদের সম্পৃক্ততার বিষয়ে ১৫ দিনের মধ্যে এফবিসিসিআই তাদের অবস্থান ঘোষণা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

চট্টগ্রাম, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেছেন, "যিনি রাজনীতি করবেন, তিনি দেশ চালাবেন; ব্যবসা করবেন না। আর ব্যবসায়ীরা রাজনীতি করবেন না। এমনটাই নিয়ম হওয়া উচিত।" বুধবার রাতে চট্টগ্রামে এক সংবর্ধনা সভায় তিনি জানান, রাজনীতির সঙ্গে ব্যবসায়ীদের সম্পৃক্ততার বিষয়ে ১৫ দিনের মধ্যে এফবিসিসিআই তাদের অবস্থান ঘোষণা করবে। চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতি (সিসিসিআই) ও বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নগরীর একটি হোটেলে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি আনিসুল হকের সম্মানে এ সংবর্ধনা সভার আয়োজন করে। আনিসুল হক বলেন, "দেশ চালায় মূলত ব্যবসায়ীরা। তত্ত্বাবধায়ক সরকার কিংবা সেনাবাহিনী নয়। ব্যবসায়ীরা ১/১১ থেকে শিখেছে। তারা চোখ বন্ধ করলে দেশের চোখ বন্ধ হয়ে যাবে। ১/১১ এর আগের অবস্থা তৈরির চেষ্টা এফবিসিসিআই বা ব্যবসায়ী সমাজে কোনোভাবেই মেনে নেবে না।" এফবিসিসিআই সভাপতি বলেন, "দেশের শিল্প উন্নয়নে সবচেয়ে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা। আমলাদের হয়রানির ভয়ে দেশে অনেক শিল্প মালিক বিনিয়োগ না করে হাত গুটিয়ে বসে থাকেন। এটা বন্ধ হলে দেশের জিডিপি সাত শতাংশের উপরে নিয়ে যাওয়া সম্ভব।" তিনি বলেন, "ব্যবসায়ীদের মধ্যে এখনও এক ধরনের সন্ত্রস্ততা কাজ করছে। তাদের কাজে এখনও অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়া হবে।" বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট থেকে উত্তরণের জন্য এফবিসিসিআই সভাপতি কয়লা ব্যবহারের ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে মত দেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) কর প্রদানের আওতায় আনারও দাবি জানান আনিসুল হক। সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, পরিচালক আমিরুল হক, সিসিসিআই সহ-সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এম এ ছালাম, পরিচালক এরশাদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএ/১৭৩৩ ঘ.