ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহী বা উপদেষ্টাকে ওই প্রতিষ্ঠানের পরামর্শক নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগ পাওয়া পরামর্শকরা মাসিক বা এককালীন থোক পারিশ্রমিক ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না।
বুধবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু আর্থিক প্রতিষ্ঠান তাদের চাকরি কাঠামোর বাইরে পরামর্শক নামে নিয়মিত কর্মকর্তাদের মতো বেতন ভাতায় বিভিন্ন ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে।
পরামর্শক বা যে নামেই অভিহিত করা হোক না কেনো- আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব নিয়োগের ক্ষেত্রে পাঁচটি নির্দেশনা অনুসরণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
এগুলো হচ্ছে- কর, আইন, মামলা, প্রকৌশল ও কারিগরি, তথ্যপ্রযুক্তিসহ এ ধরনের কাজে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ দুই বছরের জন্য পরামর্শক নিয়োগ করা যাবে। যে সব কাজ প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তাদের মাধ্যমে করানো সম্ভব সেখানে পরামর্শক নিয়োগ করা যাবে না। পরামর্শকের কার্যপরিধি সুনির্দিষ্ট হতে হবে। কার্যপরিধির বাইরের কোনো কাজে তিনি সম্পৃক্ত হতে পারবেন না এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাজে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ করতে বা সিদ্ধান্ত প্রয়োগ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবেন না।
প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহী বা উপদেষ্টাকে ওই প্রতিষ্ঠানের পরামর্শক নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগের সাত দিনের মধ্যে পরামর্শকের জীবন-বৃত্তান্ত ও কার্যপরিধি কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো খুরশীদ আলম স্বাক্ষরিত সার্কুলারে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত করার জন্য আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ধারা ১৮-এর ক্ষমতাবলে এ নীতিমালা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24