ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতিতে গতিসঞ্চার হলেও দ্রব্যমূল্য পরিস্থিতিতে এখনো উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাবের আশঙ্কাও করছে কেন্দ্রীয় ব্যাংক।
মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে চলতি ২০০৭-০৮ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, "চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর এবং অক্টোবর-ডিসেম্বর) দেশের অর্থনীতিতে কিছুটা ধীর গতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তা কেটে গেছে। এখন অর্থনীতি গতি ফিরে পেয়েছে। রপ্তানি আয়, আমদানি, রাজস্ব আদায়, রেমিটেন্সসহ অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক। অর্থবছরের বাকি তিন মাসেও (এপ্রিল-জুন) এ ধারা অব্যাহত থাকবে। তবে বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য অবকাঠামো সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।"
প্রতিবেদনে বলা হয়েছে, 'প্রাকৃতিক বিপর্যয় এবং সামাজিক ও অর্থনৈতিক বাধার কারণে সৃষ্ট শ্লথ অবস্থা কাটিয়ে ওঠার পর যাতে বিভিন্ন খাতে অব্যাহতভাবে উৎপাদন কর্মকাণ্ড বজায় থাকে, সে জন্য বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য অবকাঠামোগত প্রতিবন্ধকতা প্রশমনের জন্য দ্রুত সরকারি কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।'
দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি এখন কমতির দিকে। তবে খাদ্যের মূল্যস্ফীতি কমেনি। বরং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমার কারণে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৫৯ শতাংশ। মার্চ মাসে তা কমে ১০ দশমিক ০৬ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশের বাস্ততায় ১০ দশমিক ০৬ শতাংশ মূল্যস্ফীতিও বেশ উদ্বেগজনক বলে মন্তব্য করেন মোস্তফা কে মুজেরী।
দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের প্রবৃদ্ধি সহায়ক মুদ্রানীতি গ্রহণ এবং সরকারের প্রবৃদ্ধিমুখী নীতিমালা অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, পর পর দু'দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডর এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার পরও চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) ৬ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এরআরএইচ/এসএনডি/এমএ/১৮০৫ ঘ.
bdnews24