চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রডের অস্বাভাবিক দাম বাড়ার কারণ নির্ণয়ের জন্য গঠিত সরকারের কমিটি প্রতিবেদন চূড়ান্ত করেছে। বুধবার প্রতিবেদন সরকারের কাছে দাখিল করা হবে।
তদন্ত কমিটির প্রধান ও পূর্ত সচিব এ এস এম রশিদুল হাই মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানান। তবে এতে কী সুপারিশ করা হয়েছে, কিংবা রডের বাজার অস্থিতিশীল করার জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী বা কোনরূপ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে কিনা- এ সম্পর্কে জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
পূর্ত সচিব বলেন, "মঙ্গলবার বিকালে আমাদের (তদন্ত কমিটির) বৈঠক হয়েছে এবং এ বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য সময় ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। আমরা এ সময়ের মধ্যেই এটি সরকারের নিকট দাখিল করব।"
এরআগে সোমবার রশিদুল হাইয়ের নেতৃত্বে কমিটি ও টাস্কফোর্সের একটি দল চট্টগ্রামের ভাটিয়ারিতে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন এবং বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে স্ক্র্যাপ জাহাজ ব্যবসায়ী, রি রোলিং মিল মালিক ও রড ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে (মঙ্গলবার বিকাল পর্যন্ত) স্ক্র্যাপ লোহা অর্থাৎ স্ক্র্যাপ প্লেটের দাম পুনর্নির্ধারণ করতে ব্যবসায়ীদের বলা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে স্ক্র্যাপ ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন কিনা এ প্রশ্নের জবাবে পূর্ত সচিব বলেন, "তারা কিছুই জানায়নি।"
তবে বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সংস্থার বর্তমান উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মো. জাফর আলম এ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সোমবার রাতে নগরীর একটি হোটেলে বৈঠক করে স্ক্র্যাপ প্লেটের দাম ৫২ হাজার টাকা পুনর্নির্ধারণ করেছি এবং এ কথা ফ্যাক্স বার্তার মাধ্যমে সরকারকে অবহিত করেছি।" তিনি জানান, বৈঠকে শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি সুফী মিজানুর রহমানসহ সংগঠনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিন্তু, কখন এবং কার বরাবরে এ ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ ব্যাপারে খোঁজ নিতে বারকয়েক চেষ্টা করেও শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি সুফী মিজানুর রহমানের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
জাফর আলম স্ক্র্যাপ প্লেটের দাম কমানোর কথা বললেও মঙ্গলবার চট্টগ্রামে রডের দাম অপরিবর্তিত ছিল। নগরীর ষোলশহর এলাকায় রডের দোকানগুলোতে ৪০ গ্রেডের প্রতি টন রড ৬৪ হাজার টাকা এবং ৬০ গ্রেডের প্রতি টন রড ৭০ থেকে ৭২ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএইচবি/২১৩৩ ঘ.
bdnews24