২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় শিল্প রক্ষার ব্যবস্থা থাকবে আগামী বাজেটে: এনবিআর চেয়ারম্যান

নতুন বাজেটে স্থানীয় শিল্প রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সিএনজি চালিত যানবাহন আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনারও আশ্বাস দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- নতুন বাজেটে স্থানীয় শিল্প রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সিএনজি চালিত যানবাহন আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনারও আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় আবদুল মজিদ এ আশ্বাস দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, "স্থানীয় শিল্প রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেই আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে।" তিনি বলেন, "স্থানীয় শিল্প-কারখানায় যে সব পণ্য উৎপন্ন হয়, সেগুলো বাইরে থেকে আমদানি ঠেকাতে অতিরিক্ত শুল্ক আরোপসহ নতুন বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশে উৎপাদিত পণ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর প্রয়োজন হলে সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে।" সিএনজি চালিত যানবাহন আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে আবদুল মজিদ জানান। আলোচনায় ডিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ। তিনি ঢাকা চেম্বারের পক্ষে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক সংক্রান্ত একশটি সুপারিশ করেন। ঢাকা চেম্বারের উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে আছে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা নির্ধারণ, হয়রানি কমাতে কর কর্মকতাদের ঐচ্ছিক ক্ষমতা হ্রাস, সর্বনিম্ন শুল্কস্তর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২০০০ ঘ.