ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘনীভুত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে।
এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এদিকে সরকার সিএনজি-চালিত অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের ভাড়াও পুননির্ধারণের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় জানানো হয়, সিএনজির দাম বাড়ার কারণে এই জ্বালানি চালিত অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের ভাড়া পুননির্ধারণের ব্যবস্থা করছে যোগাযোগ মন্ত্রণালয়। তবে সিএনজি-চালিত বাস ও ট্রাকের ভাড়া বাড়ানো হলে সরকার তা অনুমোদন করবে না।
তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তরল জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গ্যাসের ক্রয় বা উৎপাদন মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের তারতম্যের কারণে পেট্রোবাংলাকে লোকসান দিতে হচ্ছে। লোকসান কমাতেই সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, আরও নতুন সিএনজি ফিলিং স্টেশন নির্মাণে উৎসাহ দেওয়ার জন্য সরকার সিএনজির বর্ধিত মূল্যের ৭৫ পয়সা স্টেশন মালিকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ না থাকলে গ্রাহকরা যাতে ভোগান্তির শিকার না হন সে জন্য আগামী আট মাসের মধ্যে প্রতিটি সিএনজি স্টেশনে জেনারেটর স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
সিএনজির নতুন নির্ধারিত মূল্যের ৯ টাকা ৯৭ পয়সা পাবে পেট্রোবাংলা। আর সিএনজি ফিলিং স্টেশনগুলো পাবে ৬ টাকা ৭৮ পয়সা। আগে সিএনজি ফিলিং স্টেশনগুলো পেতো ৬ টাকা ৩ পয়সা । সরকার পেতো ২ টাকা ৪৭ পয়সা।
১৯৮৫ সালে দেশে 'রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানীর' অধীনে সিএনজি ব্যবহার শুরু হয়। তখন সিএনজির দাম ঠিক করা হয়েছিল ৭ টাকা ৪৫ পয়সা। তবে তখন রাজধানীতে সিএনজির ব্যবহার সীমিত ছিল।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় সরকার তেল চালিত যানবাহনকে সিএনজি-চালিত বাহনে রূপান্তরিত করার ব্যাপারে উৎসাহ দিতে শুরু করে। দুই স্ট্রোকের ডিজেল-চালিত অটোরিক্সা নিষিদ্ধ করে আমদানি করা হয় চার স্ট্রোকের সিএনজি চালিত অটোরিক্সা। ২০০০ সালে প্রচুর গাড়ি সিএনজিতে রূপান্তর করা হয়।
এরপর ২০০৪ সালের জুলাই মাসে সরকার সিএনজির দাম ৭ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে।
বর্তমানে দেশে সিএনজি-চালিত অটোরিক্সার সংখ্যা প্রায় ২৫ হাজার। আর প্রায় ১ লাখ ৪২ হাজার গাড়ি জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করছে।
জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে ২৩০টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ৯৬টি। আগামী কয়েক মাসের মধ্যে আরও ৫৮টি স্টেশন চালু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৯৩১ঘ.
bdnews24