২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচকে সামান্য পতন

প্রায় সব খাতের শেয়ারের ভালো কেনাবেচা হওয়ায় সোমবার দেশের দুটি পুঁজিবাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে সূচক কিছুটা নেমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সব খাতের শেয়ারের ভালো কেনাবেচা হওয়ায় সোমবার দেশের দুটি পুঁজিবাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে সূচক কিছুটা নেমেছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান স্টক অ্যান্ড বন্ডের বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দুদিন ধরে খুচরা বিনিয়োগকারীরা প্রায় সব খাতের শেয়ার লেনদেনে উৎসাহ দেখাচ্ছেন।" ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দিনের লেনদেনে তেমন ওঠা-নামা ছিল না। মোট লেনদেন কিছুটা বাড়লেও সূচক কিছুটা কমেছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১০ দশমিক ০৮ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ৩০৮১ দশমিক ৩৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ২৫৯৬ দশমিক ১৬ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ২৩৯৮ দশমিক ৬৫ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১ কোটি টাকার ২ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৭৫৮টি শেয়ার লেনদেন হয়। রোববারের লেনদেনের পরিমাণ ছিল ৩৯০ কোটি টাকা। এ বাজারে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল নয়টির দাম। এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম ৭ দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩০৭ টাকা ৪০ পয়সা। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৩৭৭১ টাকা ২৫ পয়সা হয়েছে। মুনাফা তুলে নেয়ায় স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ৭ দশমিক ০১ শতাংশ কমে ১৩৫ টাকা ১০ পয়সা হয়েছে। তবে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম বেড়েছ। ৬ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২৯১ টাকা ৯০ পয়সা হয়েছে। আর আইএফআইসি ব্যাংকের শেয়ার দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৩০০৮ টাকা ২৫ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে স্কয়ার ফার্মা, অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যার, ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ইউসিবিএল ও এসিআই'র শেয়ারের দাম। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭১ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার ৪৩ লাখ ৮১ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়। এ বাজারের সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৮৬ দশমিক ৭৭ পয়েন্ট বা এক শতাংশ কমে ৮৫৭২ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ০৪ শতাংশ কমে হয়েছে ৫৫৪৮ দশমিক ৩৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৯৯ দশমিক ৬৭ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৫১৮ দশমিক ৬৬ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০২০ ঘ.