২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি ছাড়া বিদ্যুৎ: প্রকৌশলীরা চোখের সামনে দেখলেন অবিশ্বাস্য ঘটনা

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি প্রকল্প তৈরির কাজ চূড়ান্ত করেছেন ঝিনাইদহের গিয়াস উদ্দিন কচি। তার এই উদ্ভাবন ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছে। তার এই প্রকল্পটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন চট্টগ্রামে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি প্রকল্প তৈরির কাজ চূড়ান্ত করেছেন ঝিনাইদহের গিয়াস উদ্দিন কচি। তার এই উদ্ভাবন ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছে। তার এই প্রকল্পটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন চট্টগ্রামে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা। শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এ প্রকল্পটি প্রকৌশলীদের প্রদর্শন করা হয়। চোখে দেখেও অনেকের কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। চট্টগ্রাম চেম্বার আয়োজিত প্রদর্শনীতে কচি তার উদ্ভাবিত জেনারেটরটি বিদ্যুৎ দিয়ে চালু করেন ঠিকই কিন্তু পরে বিদ্যুৎ সংযোগ খুলে ফেলেন। আর জেনারেটরটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছিল। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রায় ১০ মিনিট ৮০০ ওয়াটের ড্রিল মেশিন, একটি টেবিল ফ্যান ও চারটি এনার্জি সেভিং লাইট জ্বালানো হয়। এতে মাত্র ২০ শতাংশ অর্থাৎ ২০০ ওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে বলে তিনি জানান। কচি জানান, যেখানে বিদ্যুৎ থাকবে না সেখানে হাতে ঘুরিয়ে জেনারেটর চালু করা যাবে। একবার চালুর পর টানা বিদ্যুৎ উৎপাদন করা যাবে তার এই জেনারেটর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী আবুল কাশেম, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (প্রকল্প) শহীদ উদ্দিন আহমেদ, জিইসি বাংলাদেশের পরিচালক (উৎপাদন) প্রকৌশলী এ বি এম এ বাসেত, ডয়েস পাওয়ার সিস্টেমের সার্ভিস ম্যানেজার প্রকৌশলী সৌমেন চক্রবর্তী। তারা কচির উদ্ভাবিত এই জেনারেটরের বিদ্যুৎ উৎপাদন দেখে বিস্ময় প্রকাশ করেন। প্রকৌশলী আবুল কাশেম বলেন, "এই প্রকল্প দেখে মনে হচ্ছে ইলেকট্রিক্যাল থিওরি পরিবর্তন হয়ে যাচ্ছে। সফল হলে এটি হবে যুগান্তকারী ঘটনা।" জিইসি'র প্রকৌশলী এ বি এম এ বাসেত বলেন, "প্রকৌশলী হিসেবে আমি এটা অসম্ভব আখ্যায়িত করব। কিন্তু চোখের সামনে দেখছি এই অসম্ভব ঘটনা।" প্রকল্পের পৃষ্ঠপোষক চিটাগাং চেম্বারের সিনিয়ির সহ-সভাপতি এম এ লতিফ বলেন, "প্রাথমিকভাবে প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে। বিশ্বখ্যাত কোনো কোম্পানির সঙ্গে বাজারজাতকরণের জন্য চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা চলছে। তবে অবশ্যই দেশে উৎপাদনের শর্ত থাকবে আমাদের।" তিনি জানান, এই প্রযুক্তিটিকে আরও উন্নত রূপ দেওয়ার চেষ্টা করছেন উদ্ভাবক গিয়াসউদ্দিন কচি। কচি বলেন, "বিশেষ ট্রান্সফরমার, সার্কিট, জেনারেটর ও মটর দিয়েই নতুন এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এই এক কিলোওয়াট ছাড়াও ১০ কিলোওয়াটের আরও একটি প্রকল্পে সফল হয়েছি। আরও বেশি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।" তিনি জানান, তার এই উদ্ভাবনের সূত্র হল- 'সমন্বিত চক্রাকার ব্যবস্থায় শক্তি কখনোই নি:শেষ হয় না।' কচি বলেন, "জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের ধারণা নিয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে গিয়েছিলাম আমি। কিন্তু সবাই আমাকে পাগল হিসেবে আখ্যায়িত করেছে। এখন অবশ্য সবাই বিষয়টি জানতে চাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬১৮ ঘ.