চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্কায়নে অটোমেশন (স্বয়ংক্রিয়) পদ্ধতি চালু করতে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে শুল্ক বিভাগের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এ পদ্ধতি পুরোপুরি চালু হবে বলে দুই পক্ষই আশা করছে।
রোববার দুপুরে চেম্বার মিলনায়তনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম শুল্ক বিভাগের আমদানি শাখার কমিশনার নাসিরুদ্দিন ও চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। এ সময় শুল্ক বিভাগ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার নেতা, চেম্বার পরিচালক ও যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড অটোমেশন পদ্ধতি চালুর বিষয়টি অনুমোদন করে।
কাস্টমস সূত্রে জানা গেছে, শুল্ক কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, টাস্কফোর্স এবং বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের আলোচনা সাপেক্ষে এই পদ্ধতি চালু হচ্ছে। প্রাথমিকভাবে শুল্ক কর্তৃপক্ষ ও বন্দরসহ সরকারি বিভিন্ন সংস্থা, আমদানিকারক এবং বন্দর ব্যবহারকারী ৪৫ প্রতিষ্ঠানকে রিমোট ডিটিআই পদ্ধতির মাধ্যমে অনলাইন শুল্ক কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
এ পদ্ধতি চালু হওয়ায় আমদানিকারকরা দেশের যে কোন স্থান থেকে বিল অব এন্ট্রি ও ডাটা এন্ট্রি করতে পারবেন। এক্ষেত্রে সময়ের কোন বাধা থাকবে না। এতে বর্তমান শুল্ক কার্যক্রমে প্রচলিত ৪২টি ধাপের পরিবর্তে ছয়টি ধাপে সব কাজ শেষ করা যাবে। এছাড়া, অনলাইন ব্যাংকিং থাকাতে সমগ্র প্রক্রিয়া আরও গতিশিীল হবে।
সমঝোতা স্মারক সই হওয়ার আগে চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বন্দর চেয়ারম্যান কমডোর এম ফারুক বলেন, অটোমেশন চালু হলে চট্টগ্রাম বন্দর সবচেয়ে বেশি উপকৃত হবে।"
তিনি বলেন, "বন্দর শুধুমাত্র পণ্য আনা-নেওয়ার ট্রানজিট হিসেবে কাজ করে। স্বয়ংক্রিয় এ প্রক্রিয়া চালু হলে তা আরও দ্রুততর হবে এবং ব্যবসায়ীসহ সকল মহলকে বন্দর ভাল সেবা দিতে পারবে।"
শুধু রাজস্ব আদায় নয়, দক্ষতা-স্বচ্ছতা ও অগ্রাধিকার নির্ধারণে অটোমেশনের বিকল্প নেই বলে কাস্টমস কমিশনার নাসির উদ্দিন সভায় মত প্রকাশ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেন, "বর্তমান সরকার আসার পর থেকে বন্দর যতটা দক্ষ হয়েছে অটোমেশন পদ্ধতি চালু হলে কাস্টম হাউসও ততটা দক্ষ হবে।" বর্তমানে কাস্টমস হাউসের যে অদক্ষতা তার অনেকাংশই এ অটোমেশন পদ্ধতির ফলে পূরণ হবে বলে তিনি মনে করেন।
নির্ধারিত ৪৫ দিনের আগেই এই প্রক্রিয়া পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন- শুল্ক বিভাগরে কমিশনার (রপ্তানি) মারগুব আহমেদ, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এম এ সালাম, শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, এফবিসিসিআইর পরিচালক আমীরুল হক।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর যৌথ বাহিনীর নেতৃত্বাধীন টাস্কফোর্স চট্টগ্রাম শুল্ক বিভাগের সংস্কার কার্যক্রম শুরু করে। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে শুল্কায়নে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়।
কাস্টমস হাউস, চট্টগ্রাম চেম্বার, বিজেএমইএসহ বিভিন্ন আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা স্বয়ংক্রিয় শুল্কায়ন পদ্ধতি চালুর বিষয়ে সম্মত হয়। এতে অর্থায়ন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ। এ জন্য তারা আগামী ৫ বছর প্রতিটি আমদানি চালান থেকে ৫০ টাকা হারে আদায় করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24