২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনৈতিক অনিশ্চয়তা দূর না হলে বিনিয়োগে স্থবিরতা কাটবে না'

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা দূর না হলে দেশে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কাটবে না বলে শনিবার এক সেমিনারে মত প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা ও ব্যবসায়ী নেতারা। রাজধানীর বিয়াম মিলনায়তনে দৈনিক যুগান্তর আয়োজিত 'অর্থনীতির চ্যালেঞ্জ ও বিনিয়োগ' শীর্ষক সেমিনারে তারা এ মত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা দূর না হলে দেশে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কাটবে না বলে শনিবার এক সেমিনারে মত প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা ও ব্যবসায়ী নেতারা। রাজধানীর বিয়াম মিলনায়তনে দৈনিক যুগান্তর আয়োজিত 'অর্থনীতির চ্যালেঞ্জ ও বিনিয়োগ' শীর্ষক সেমিনারে তারা এ মত দেন। রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, "রাজনৈতিক অনিশ্চয়তাই এখন দেশে সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা না কাটলে একদিকে যেমন দেশে বিনিয়োগ হবে না, অন্যদিকে বিদেশি বিনিয়োগও আসবে না।" তিনি বলেন, "ব্যক্তিগতভাবে আমি এখনও বিশ্বাস করি যে, ডিসেম্বরের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। আর এ সংশয় থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের উচিৎ, যতো দ্রত সম্ভব এ সংশয় দূর করা।" আকবর আলি বলেন, "দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশে এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তাও দেখা দিয়েছে। ডিসেম্বরে নির্বাচন হলে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এ অনিশ্চয়তা দূর হবে-এটা ভাবাও ঠিক হবে না। এ কারণে অন্তত আরও এক বছর দেশে রাজনৈতিক অনিশ্চয়তা থাকবে।" আরেক সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, "র্র্নিবাচন নিয়ে দেশবাসীর মধ্যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আর এ অনিশ্চয়তার কারণে দেশে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। সরকারের উচিৎ এ অনিশ্চয়তা দূর করা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, "গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে দেশি-বিদেশি কোনো বিনিয়োগই হবে না।" এ জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সালমা ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বালাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ আতিউর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৮১০ঘ.