মাহমুদ শরীফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দেশের মানুষ বোরো ফলনের দিকে তাকিয়ে থাকলেও কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, গত মৌসুমের তুলনায় এবার বোরো উৎপাদনের খরচ প্রায় দ্বিগুণ বেড়েছে।
সরকারি হিসেবে গত মৌসুমে প্রতি কেজি ধানের উৎপাদন খরচ ১০ টাকার নিচে ছিল। আর বিশেষজ্ঞদের মতে এবার কেজি প্রতি খরচ পড়বে ১৭ থেকে ১৮ টাকা।
এর কারণ হিসেবে সার, বিদ্যুৎ ও ডিজেল, কৃষি যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরী বাড়ার কথা বলেছেন তারা।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের কৃষক আতিকুর রহমান জানান, গত মৌসুমে এক একর জমিতে বীজতলা তৈরি থেকে ধান মাড়াই পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। আর এবার সেটা বেড়ে ২২ হাজার টাকা হয়েছে।
তিনি জানান, গত বোরো মৌসুমে সারের জন্য চার হাজার টাকার সার লাগলেও এবার ওই সারের জন্য খরচ হয়েছে সাড়ে সাত হাজার টাকা। সেচের খবচ গত মওসুমের তিন হাজার টাকা থেকে বেড়ে এবার সাড়ে চার হাজার টাকা হয়েছে। তাছাড়া শ্রমিকের মজুরী গতবারের তিন হাজার থেকে বেড়ে এবার আট হাজার টাকা হয়েছে।
আতিকুর রহমান বলেন, "সরকার অনুমোদিত ডিলারদের কাছ থেকে এবার আমরা টিএসপি ও এমপি সার পেয়েছি খুব সামান্য। এ জন্য সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে প্রায় তিনগুণ বেশি দিয়ে বাইরে থেকে সার কিনতে হয়েছে।"
তিনি বলেন, "কীটনাশক, বীজ ও আনুষাঙ্গিক কিছু খরচ প্রায় অপরিবর্তিত থাবলেও সব মিলিয়ে গত বোরো মৌসুমের তুলনায় এবার উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ।"
এ কারণে বোরো উঠলেও এবার চালের দাম কমবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
এলাকাভেদে শ্রমমূল্য, সেচ, মাটির উর্বরতা, রাসায়নিক সারের ব্যবহারের তারতম্যের কারণে কৃষি ব্যয় সমান না হলেও মোট খরচের বিচারে এবার সারা দেশের চিত্রই মোটামুটি এক।
দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আলহাজ্ব মতিউর রহমান জানান, গত বোরো মৌসুমে এক একর জমি আবাদ করতে তার খরচ হয়েছিল ১১ হাজার টাকা। আর এ মৌসুমে তা বেড়ে প্রায় ২০ হাজার টাকা হয়েছে।
প্রায় একই কথা বলেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর আওলিয়াপুর গ্রামের কৃষক আবুল হোসেন হাওলাদারও।
কৃষি কর্মকর্তারাও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপ সচিব আজফারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বোরো মৌসুমের তুলনায় এবার খরচ বেড়েছে ৭০ থেকে ৭৫ ভাগ।"
কৃষি মন্ত্রণালয়ের তথ্য সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মৌসুমের সঠিক পরিসংখ্যান আমাদের হাতে না থাকলেও এবার উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। হাইব্রিড ধান আবাদের ফলে সারের ব্যবহার বাড়াতে হয়েছে।"
কৃষি বিশেষজ্ঞ ও সাবেক সচিব ড. জেড করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর পটাশ সারের কেজি ছিল ৯ টাকা। এবার সেটা বেড় হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। বিদ্যূত খরচ বেড়েছে প্রায় ২০ শতাংশ।
তিনি বলেন, "আমার হিসাবে এবার সব মিলিয়ে কেজি প্রতি খরচ পড়বে প্রায় ১৭-১৮ টাকা। কেউ কেউ স্থানীয় বীজ ব্যবহার না করে উচ্চ ফলনশীল ধানের বীজ বপণ করেছেন। এ কারণেও খরচ কিছুটা বেড়েছে। তবে খরচ বৃদ্ধির মূল কারণ জ্বালানি ও বিদ্যুৎ, সারের দাম ও শ্রমিকের মজুরী বৃদ্ধি।"
কৃষি স
bdnews24