২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়ার নির্দেশ অর্থ উপদেষ্টার

আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে সচিবদের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে সচিবদের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৬টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মধ্যমেয়াদী বাজেট কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত প্রাক-বাজেট বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বাজেট শুধু হিসাব-নিকাশের ব্যাপার নয়। দেশের উন্নয়ন, প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের সঙ্গে সরাসরি সস্পর্কিত। তাই বাজেট প্রণয়নের ক্ষেত্রে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে।" তিন বছর মেয়াদি যে বাজেট কাঠামো প্রণয়ন করা হয়েছিল তাতেও কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বলে মির্জ্জা আজিজুল জানান। তিনি বলেন, "শুধু বাজেট প্রণয়ন করলে চলবে না, বাজেট ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা-সেদিকেও নজর দিতে সচিবদের বলা হয়েছে। যে লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়ে থাকে, সে লক্ষ্য পূরণ হচ্ছে কিনা-তাও বিবেচনায় রাখতে হবে।" উপদেষ্টা বলেন, "চলতি অর্থবছরের বাজেটে মন্ত্রণালয়গুলোর ক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। অডিটের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন আর সব কাজের জন্য অর্থ মন্ত্রণালয় বা ওপরের অনুমোদনের প্রয়োজন হয় না। মন্ত্রণালয় বা বিভাগগুলো নিজেরাই অনেক সিদ্ধান্ত নিতে পারে। এ কারণে বাজেট বাস্তবায়নে তাদের অনেক সুবিধা হয়।" বাজেট বাস্তবায়ন ত্বরান্বিত করতে সচিবদের পক্ষ থেকে কিছু সুপারিশ দেওয়া হয়েছে বলে মির্জ্জা আজিজুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৭৫৬ ঘ.