আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে চার হাজার কোটি টাকা কাঁটছাটের পরও চলতি ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেট প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বেড়ে যাচ্ছে। মূল বাজেটে বরাদ্দের চেয়ে বাস্তবে ভর্তুকি অনেক বেশি হওয়াই এর কারণ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ হবে ৮৫ হাজার কোটি টাকা।
অর্থ উপদেষ্টা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদ্যপণ্য, সার ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকি বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটের আকার বাড়ছে। চার হাজার কোটি টাকার এডিপি কাঁটছাটের পরও এবার সংশোধিত বাজেট সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বেড়ে ৮৫ হাজার কোটিতে পৌঁছাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দায় বাদে চলতি অর্থবছরের বাজেট ছিল ৭৯ হাজার ৬১৪ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় (এডিপি) ২৬ হাজার ৫০০ কোটি টাকা। আর রাজস্ব ব্যয়ের পরিমাণ ৫২ হাজার ৯২৮ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা বলেন, "মূল বাজেটে বিভিন্ন খাতে সব মিলিয়ে ভর্তুকি বাবদ ছয় হাজার কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যয় ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ কারণেই সংশোধিত বাজেট বেড়ে ৮৫ হাজার কোটি টাকার মতো হবে।"
তিনি বলেন, "চলতি অর্থবছর রাজস্ব আদায় পরিস্থিতি ভালো। এ খাতে জুলাই-মার্চ সময়ে ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বৈদেশিক সাহায্যের পরিমাণও ভালো। এরপরও শুধু ভর্তুকি খাতে ব্যয় বেড়ে যাওয়ার কারণে সংশোধিত বাজেটের আকার বাড়ছে।"
আজিজুল ইসলাম জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভর্তুকি খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের আবেদন জানালেও তা কমিয়ে ১২ হাজার কোটি টাকায় আনা হবে। এ হিসেবেই সংশোধিত বাজেটের পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা ধরা হচ্ছে।
তিনি বলেন, "পরপর দু'দফা বন্যা ও সিডরের কারণে খাদ্য উৎপাদন অনেক কম হয়েছে, আমদানি বেড়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য, জ্বালানি তেলসহ সব ধরনের আমদানি পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলার বেড়েছে। এ সব কারণে ভর্তুকি খাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে সরকারের বেশি অর্থ ব্যয় হচ্ছে।"
তবে ভর্তুকি বাড়লেও বাজেট ঘাটতি খুব বেশি বাড়বে না- জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "মূল বাজেটে অনুদান ও বিপিসি'র দায় বাদে সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ। সংশোধিত বাজেটে তা কিছুটা বাড়লেও ৫ শতাংশের নিচে থাকবে।"
আজিজুল ইসলাম জানান, আগামী জুনের প্রথম সপ্তাহে ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। একইসঙ্গে সংশোধিত বাজেটও প্রকাশ করা হবে।
চলতি অর্থবছরের বাজেটে এডিপি'র আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় গত ২৪ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় চার হাজার কোটি টাকা কাটছাঁট করে এডিপি ২২ হাজার ৫০০ কোটি টাকায় আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২২৪ ঘ.
bdnews24