২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস ব্যবহার কমাতে বলায় পোশাক খাতে বিপর্যয়ের আশঙ্কা

সরকার শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের ব্যবহার ৪০ শতাংশ কমাতে বলায় তৈরি-পোশাক খাত বড় ধরনের সঙ্কটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক। তিনি বলেছেন, সিদ্ধান্তটি দুই মাসও কার্যকর থাকলে এ খাতে রপ্তানি আয় ১০০ কোটি ডলার কমে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের ব্যবহার ৪০ শতাংশ কমাতে বলায় তৈরি-পোশাক খাত বড় ধরনের সঙ্কটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক। তিনি বলেছেন, সিদ্ধান্তটি দুই মাসও কার্যকর থাকলে এ খাতে রপ্তানি আয় ১০০ কোটি ডলার কমে যেতে পারে। শনিবার বিকেলে বিকেএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই 'অযৌক্তিক সিদ্ধান্ত' প্রত্যাহরের দাবি জানান তিনি। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি গত ৩ এপ্রিল ঢাকা ও আশ পাশের এলাকার শিল্প কারখানাগুলোতে চিঠি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস ব্যবহার ৪০ শতাংশ কমাতে বলে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অনুসরণ করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়। সংবাদ সম্মেলনে ফজলুল হক জানান, নিট পণ্যের ডাইংয়ের জন্য নিরবিচ্ছিন্নভাবে ১০ থেকে ১১ ঘণ্টা লাগে। কোনো কারণে মাঝখানে ডাইং প্রক্রিয়া বন্ধ করতে হলে মান পড়ে যায়। এ কারণে প্রতিটি কারখানায় গ্যাস চালিত জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়ে থাকে। এ অবস্থায় প্রতিদিন পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকলে কাপড়ের উৎপাদন ৫০ থেকে ৫৬ ভাগ কমে যাবে। তিনি বলেন, "৪০ শতাংশ গ্যাস কম ব্যবহার করা হলে ওভেন ও নিট পোশাক খাতে রপ্তানি ২০ শতাংশ কমে যাবে। বর্তমানে এ দুটি খাত থেকে প্রতিদিন ৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। সে হিসাবে প্রতিদিন রপ্তানি কমবে ৬০ লাখ ডলার। এ সিদ্ধান্ত দুই-আড়াই মাস কার্যকর থাকলে রপ্তানি আয় তাৎক্ষণিকভাবে প্রায় ১০০ কোটি ডলার কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিকেএমইএ সভাপতি বলেন, "সরকারের এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা সময়মতো ক্রেতাদের হাতে পণ্য পৌঁছাতে পারবে না। অনেক অর্ডার বাতিল হয়ে যাবে। ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে অন্য দেশে চলে যাবে। আর তা হলে মুখ থুবরে পড়বে দেশের প্রধান রপ্তানি খাত।" এ সিদ্ধান্তকে 'পোশাক রপ্তানির অগ্রযাত্রার পেছন থেকে ছুরি মারার' সঙ্গে তুলনা করেন তিনি। ফজলুল হক জানান, সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টা; সেনা প্রধান; অর্থ, জ্বালানি, বাণিজ্য উপদেষ্টা; তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বিকেএমইএ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থনীতির অধিকাংশ সূচক নাজুক অবস্থায় থাকলেও পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি খুবই ভালো। গত জানুয়ারি মাসে নিট পোশাক খাতে ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ডিসেম্বরে তা ছিল ৪০ শতাংশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/১৯৫৬ ঘ.