২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম কমলেও চাল-চিনি-ডিম-সবজির বাজার ঊর্ধ্বমুখী

তেলের দাম খানিকটা কমলেও বাজারে চালের দাম প্রতি কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে। চিনির দামও বেড়েছে এক থেকে তিন টাকা। বেড়েছে ডিমের দামও। শীতকাল শেষ হয়ে যাওয়ায় সবজী বাজারও চড়তে শুরু করেছে। শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের বাজার ঘুরে বাজারের হালচাল জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক অজিত কুমার মহালদার ও মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেলের দাম খানিকটা কমলেও, বাজারে চালের দাম প্রতি কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে। চিনির দামও বেড়েছে এক থেকে তিন টাকা। শীতকাল শেষ হয়ে যাওয়ায় সবজী বাজারও চড়তে শুরু করেছে। বেড়েছে ডিমের দামও। শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। রাজধানীর আনন্দবাজারের খুচরা ব্যবসায়ী এ কে ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম দুই থেকে চার টাকা বেড়েছে। ৩৪ ও ৩৫ টাকার মোটা পারি চাল এখন ৩৫ থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকায়।" তিনি জানান, ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেলে সঙ্কট আরও বাড়বে। তবে নতুন চাল বাজারে এলে আগামী ২০-২৫ দিন পর চালের দাম কমার সম্ভাবনা রয়েছে। নিম্নবিত্তদের জন্য বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর)-এর ন্যায্যমূল্যের দোকান খুচরা বাজারে তেমন প্রভাব ফেলছে না বলে মন্তব্য করেন তিনি। নিউ মার্কেট কাঁচাবাজারের মেসার্স সফি স্টোরের মালিক মো. রহমতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে মোটা চালের দাম একটু বেশি। তবে চিকন চালের দাম একই আছে।" তিনি জানান, মোটা চাল- পারি ও ইরি ৩৫ টাকা থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে। পলাশী বাজারের চাল বিক্রেতা ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারি মার্কেটে চালের দাম বাড়লে আমরা দাম বাড়াতে বাধ্য। চালের দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে তিন থেকে চার টাকা বেড়েছে। পলাশী বাজারের পাশে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে প্রতি কেজি চাল ২৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। সেখানে চাল কিনতে আসা রফিকুল ইসলাম ও জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাই আমরা কী করবো। সরকার দ্রব্যমূল্য কমাতে পারে না বলেই এ নিম্নমানের চাল কিনতে আসছি।" পলাশী ও আনন্দ বাজারের ডিম বিক্রেতারা জানান, হালি প্রতি ডিমের দাম বেড়েছে দুই টাকা। পলাশীতে প্রতি হালি ফার্মের ডিম ২২ টাকা। আনন্দ বাজারে ডিমের হালি ছিল ২০ টাকা থেকে ২২ টাকা। বিভিন্ন বাজারে দেশি ডিম বিক্রি হচ্ছে ২৪ টাকা হালি দরে। খুচরা বিক্রেতারা জানান, প্রতি কেজি মসুর ডাল মানভেদে দেশি মসুর এখন ৯০ থেকে ৯৫ টাকায় এবং নেপাল ও মিশরের মসুর ডাল ৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মসুর ডালের দামের তেমন কোনও পার্থক্য নেই। তবে মুগ ডালের দাম কিছুটা বেড়েছে। পলাশী বাজারের খুচরা বিক্রেতা সোলেমান তালুকদার জানান, পেঁয়াজের দাম প্রতি কেজি ১২ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন, হলুদ, শুকনো মরিচের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান দোকাদানরা। একই বাজারের হৃদয় স্টোরের মালিক হৃদয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুচরা বাজারে খোলা সয়াবিনের দাম প্রতি কেজিতে ২ টাকা বেড়ে ১০৬ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত এক লিটার ও পাঁচ লিটার সয়াবিনের দামও কমেনি। তবে পাঁচ কেজি তেলের পাইকারি দাম ৫৫০ টাকা থেকে ৫১০ টাকায় নেমে এসেছে। আনন্দ বাজারের এক মুদি দোকানদার আবদুর রহিম জানান, চিনি ৩৯ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সবজির সরবরাহ একই রকম থাকলেও দাম বেড়েছে। তবে শুক্রবার পলাশী বাজারে সবজির দোকানে ফুলকপি, বাঁধাকপি ও সীম কম দেখা গেছে। আলু প্রতি কেজি ১৩ টাকা, বেগুন ১৪ টাকা থেকে বেড়ে ২০-২৫ টাকা, ফুলকপি ১৬ টাকা, বাঁধাকপি ১০ থেকে ১২ টাকা, শিম ১৬ টাকা, করলা ২০ থেকে ২৬ টাকা, বরবটি ৩২ টাকা, শসা ১৬ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়া ১২ টাকা ও পেঁপে ১৪ টাকায় বিক্রি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের খুচরা বাজারে চাল ও চিনির পর এবার দাম বেড়েছে সবজির। তবে সাতদিনের ব্যবধানে বাজারে খোলা সয়াবিনের দাম কমলেও, বোতলজাত তেলের বিভিন্ন কোম্পানির সয়াবিনের দাম যথারীতি আগের মতই ছিল। ভাল মানের চিনির দাম কেজিতে এক টাকা বেড়েছে। শুক্রবার নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকারের সিদ্ধ ও আতপ চালের দাম তিনদিনের ব্যবধানে প্রতি কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে দুই দফা দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়েছে বলে জানিয়েছেন দোকানিরা। খুচরা বাজারে চালের দাম আরেক দফা বাড়বে বলেও জানালেন রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানি আহমেদ কবীর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্রেতারা এখনো আগের মজুদ করা চাল বিক্রি করছে। কিন্তু এক সপ্তাহে চালের দাম দু'দফা বেড়েছে। পাইকারি বাজার থেকে নতুন সংগ্রহ করা চালের খুচরা মূল্য বেশি পড়বে। শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ভারতীয় বেতি চাল ৩৪ টাকা, মিনিকেট আতপ চাল ৩৭ টাকা, পাইজাম চাল ৪২ টাকা, নাজিরশাইল ৪২ টাকা, বালাম সিদ্ধ ৩৫ টাকা, মিনিকেট সিদ্ধ ৪১ থেকে ৪২ টাকা, জিরা সিদ্ধ ৪২ থেকে ৪৩ টাকা, সবচেয়ে মোটা বার্মা বেতি ৩০ টাকা ও ভারতীয় স্বর্না ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে চট্টগ্রামের খুচরা বাজারে খোলা সয়াবিন তেল কেজিতে চার টাকা কমে বিক্রি হয়েছে ১০০ টাকায়। এছাড়া বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১০৪ থেকে ১০৫ টাকা এবং ৫ লিটারের জার ৫১০ থেকে ৫১৫ টাকায় বিক্রি হয়। চিনির দাম সাতদিনের ব্যবধানে কেজিতে এক টাকা বেড়ে শুক্রবার ৩৭ টাকায় বিক্রি হয়। বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সবজির দাম। বাজারে ফুলকপি ও বাঁধাকপির সরবরাহ ছিল খুবই কম। টমেটো বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকলেও দাম ছিল বাড়তির দিকে। বাজারে আলু প্রতি কেজি ১২ টাকা, পটল ৩৬ টাকা, টমেটো বিভিন্ন মানের ১৪ থেকে ২০ টাকা, বেগুন ১৬ টাকা, বাঁধাকপি ১২ টাকা, ঢেঁড়শ ২০ টাকা, করল্লা ২৪ থেকে ২৬ টাকা, বরবটি ২৬ থেকে ২৮ টাকা, শসা ১৬ টাকা, মিষ্টি কুমড়া ১২ টাকা, পেঁপে ১৪ টাকা, ঝিঙ্গা ২৪ টাকা, চাল কুমড়া ১৬ টাকায় বিক্রি হয়। রেয়াজুদ্দিন বাজারে বাজার করতে আসা বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা উজ্জ্বল শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সয়াবিনের দাম কমে, তো চালের দাম বাড়ে। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে সবজির বেশি দাম। দাম বৃদ্ধির চপে আমরা মধ্যবিত্তরা পিষ্ট। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমসি/এমআই/১৪২৭ ঘ.