২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অব্যবস্থাপনাতেই চালের এই সঙ্কট: ডা. জাফরুল্লাহ

চালের দাম বৃদ্ধি ও সঙ্কটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করলেন গণস্বাস্থ্য সংস্থার প্রকল্প সমন্বয়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম বৃদ্ধি ও সঙ্কটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করলেন গণস্বাস্থ্য সংস্থার প্রকল্প সমন্বয়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্যই সঙ্কট সৃষ্টি হয়েছে। বিডিআরও সব ক্ষেত্রে সফল হতে পারছে না।" অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই প্রাক বাজেট আলোচনায় ১৫টি এনজিও'র প্রতিনিধিরা অংশ নেন। জাফরুল্লাহ চৌধুরী জানান, সভায় ১২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, ৫০ হাজার মুক্তিযোদ্ধা, দুই লাখ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতার পরিবর্তে রেশনিং ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, "মহার্ঘ ভাতা দেওয়া হলে বাজারে পণ্যের দামও বেড়ে যেতে পারে। এতে সমাজের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু রেশনিং এর মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ পণ্যসরবরাহ হলে বাজারে পণ্যের দাম বাড়বে না।" সভায় এনজিও প্রতিনিধিরা কৃষিতে ইউরিয়া সারের ওপর ভর্তুকি ও কৃষি উপকরণের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার, গ্যাসের দাম বৃদ্ধি ও বেসরকারি সংস্থার আয়ের ওপর করারোপের প্রস্তাব করেছেন। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জানান, এনজিও প্রতিনিধিরা গ্যাসের দাম বাড়িয়ে কমপক্ষে ভারতের সমান করার প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, গ্যাসের দাম বাড়ালে সরকারের রাজস্ব বাড়বে, তবে অধিকাংশ লোকের কোনো ক্ষতি হবে না। কারণ সমাজের বিত্তশালীরাই গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছে। ইউরিয়া সারের ভর্তুকির প্রস্তাবের বিষয়ে উপদেষ্টা বলেন, "ভর্তুকি প্রত্যাহার করে সরবরাহ নিশ্চিত করা হলে বরং কৃষকের উপকার হবে। এতে উৎপাদন খরচ বাড়লেও দামের ক্ষেত্রে তেমন পার্থক্য হবে না। এ ছাড়া ভারতে সার পাচারও রোধ করা সম্ভব হবে।" প্রাক বাজেট আলোচনায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি উন্নয়ন সংস্থার এক কোটি টাকার বেশি লাভের ক্ষেত্রে লাভের টাকার ওপর করারোপ করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে মির্জ্জা আজিজুল বলেন, "এর আগে বিভিন্ন পর্যায় থেকে এ ধরনের আহ্বান জানানো হলেও এবার এনজিও প্রতিনিধিরাই এ প্রস্তাব করেছে।" এ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হল ফি ও ভাড়া বাড়িয়ে দেওয়ারও প্রস্তাব করেছেন এনজিও প্রতিনিধিরা। সভা শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, সভায় ১২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, ৫০ হাজার মুক্তিযোদ্ধা, দুই লাখ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতার পরিবর্তে রেশনিং ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। কসমেটিকস ও বিলাসবহুল খাদ্য সামগ্রীর ওপর শুল্ক বৃদ্ধিরও প্রস্তাব দিয়েছেন তারা। সভায় ব্র্যাকের ড. মাহবুবুর রহমানসহ শীর্ষস্থানীয় ১৫টি এনজিও প্রতিনিধিরা যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/১৬১৯ ঘ.