২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ও ওষুধ খাতের ওপর ভর করে চাঙ্গা পুঁজিবাজার

বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা অব্যহত থাকায় বুধবার টানা তৃতীয় দিনের মতো চাঙ্গাভাবে দিন শেষ করেছে দেশের পুঁজিবাজার। ব্যাংক ও কিছু ওষুধ কোম্পানির শেয়ারের ওপর ভর করে এদিন লেনদেন ও সূচক দুটোই বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা অব্যহত থাকায় বুধবার টানা তৃতীয় দিনের মতো চাঙ্গাভাবে দিন শেষ করেছে দেশের পুঁজিবাজার। ব্যাংক ও কিছু ওষুধ কোম্পানির শেয়ারের ওপর ভর করে এদিন লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। লতিফ সিকিউরিটিজ এর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনের শুরু থেকেই ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। বাজারের এই তেজীভাবকে 'ইতিবাচক' বললেও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ও মূল্য সমন্বয়ের বিষয়টি স্বাভাবিক না হলে বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ব্যাংকগুলো বেশি লভ্যাংশ ঘোষণা করতে পারে এই আশায় বুধবার এ খাতের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে লেনদেন ও সূচক বেড়েছে। এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ায়ের সাঈদ বলেন, "এদিন বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল। লেনদেনও ছিল আশাব্যঞ্জক।" তবে বিনিয়োগরীরা স্বাভাবিকভাবে মুনাফা না তুললে বাজার দ্রুত অস্থির হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫১ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৩ হাজার ৭৭ দশমিক ১৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৮ দশমিক ৫০ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৫৯৩ দশমিক ০৩ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২০ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২ হাজার ৩৪৬ দশমিক ২১ পয়েন্ট হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৯ কোটি টাকার ২ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৪২ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৫৮০ টাকা ৫০ পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের দাম ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৮৪ টাকায় পৌঁছায়। এছাড়া ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দাম ৩৬ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫২ টাকা ৫০ পয়সা এবং এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১ দশমিক ৪৯ শতাংশ কমে ১০ টাকা ৫২ পয়সা হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও কেয়া কসমেটিক্স এর শেয়ারের দাম কমেছে। বেড়েছে উত্তরা ব্যাংক ও স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনে ওষুধ, প্রকৌশল ও ব্যাংক খাতের শেয়ার ছিল চালকের আসনে। এদিন সিএসইতে ৬০ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকার ৫৭ লাখ ৮০ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন হয়। এ বাজারের সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১২৪ দশমিক ০১ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮ হাজার ৫২৬ দশমিক ৪৭ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৯২ দশমিক ৭৯ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৫২৪ দশমিক ৯৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩১ দশমিক ২০ পয়েন্ট বা ৩ দশমিক ২১ শতাংশ বেড়ে ৭ হাজার ৪২২ দশমিক ৪৪ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে/১৮৩২ ঘ.