আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এই প্রথম পোশাক কারখানার ঝুট (ছাঁট কাপড়) থেকে উন্নত মানের সুতা তৈরি হচ্ছে। এভিটেক্স পলিকট লিমিটেডের কারখানায় তৈরি এই সূতা রঙ করতে হয় না বলে রাসায়নিক দ্রব্যের ব্যবহারও নেই। ফলে কারখানার কারণে পরিবেশ দূষণের সম্ভাবনাও নেই বলেও দাবি উদ্যোক্তাদের।
তারা জানান, এই সুতা দিয়ে জিন্স কাপড় (ডেনিম), গেঞ্জি, বেডশিট, টি শার্টসহ বিভিন্ন ধরনের হোম টেক্সটাইল সামগ্রী উৎপাদিত হবে। আর এসব কাপড়ের তৈরি পোশাকের চাহিদাও রয়েছে। ইতোমধ্যে জিন্স কাপড় বিদেশে রপ্তানি শুরু হয়েছে। এর পাশাপাশি ঝুট থেকে সূতা উৎপাদনের মাধ্যমে সূতার আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থ সাশ্রয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখা সম্ভব। আবার স্থানীয় বাজারেও এই সুতার তৈরি কাপড় বিক্রি হবে বলে তারা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আনুষ্ঠানিকভাবে কারখানাটির উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব আব্দুর রশিদ সরকার, ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদ্রুত ড. ডোরা র্যাপলড ও উদ্যোক্তা পরিচালক অ্যানাল ক্যারোল।
রাজধানী ঢাকার অদুরে টাঙ্গাইলের মির্জাপুরে মমিন নগরের গোড়াইয়ে ২০ একর জমির উপর প্রায় একশ' কোটি টাকা ব্যয়ে এভিটেক্স পলিকট লিমিটেডের এই কারখানাটি গড়ে উঠেছে। সুইস কোম্পানি টেক্সটা এবি ও বালাদেশের এভিন্স গ্র"প যৌথ উদ্যোগে এ কারখানাটি গড়ে তুলেছে।
এভিটেক্স পলিকোটের ৫১ শতাংশ শেয়ারের মালিকানা এভিন্স গ্র"পের। আর ৪৯ শতাংশ শেয়ার সুইস প্রতিষ্ঠান টেক্সা এবি'র। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।
মঙ্গলবার কার্যক্রম উদ্বোধনের পর কারখানা ঘুরে দেখানোর সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বর্তমান সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের বলেন, "এই কারখানায় ঝুট কাপড় থেকে প্রতিদিন ছয় মেট্রিক টন সুতা উৎপাদিত হবে। এই সুতা থেকে জিন্স কাপড় (ডেনিম), গেঞ্জি, বেডশিট, টি শার্টসহ বিভিন্ন ধরনের হোম টেক্সটাইল সামগ্রী উৎপাদিত হবে। যা বিদেশে রপ্তানি করে মোটা অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।"
এছাড়া এই সুতা থেকে উৎপাদিত পণ্য স্থানীয় বাজারেও বিক্রি করা হবে বলে এভিন্স গ্র"পের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান।
তিনি বলেন, "পোশাক কারখানার উচ্ছিষ্ট ঝুট দিয়ে তৈরি সূতা দেশের মোট চাহিদার ১৫ শতাংশ মেটাতে পারে। আর এ জন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশের নীচে নামিয়ে আনলে দেশে এ ধরনের অনেক কারখানা গড়ে উঠবে। এর ফলে বিদেশ থেকে আমদানি করা সুতার চাহিদা কমবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয় হবে।"
আনোয়ার পারভেজ আরও জানান, এ কারখানায় পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। কেননা, এ কারখানায় কোনো ধরনের রাসায়নিক দ্রব্য (রঙ) ব্যবহার হয় না।
এভিটেক্স পলিকটে উৎপাদিত সুতা নিজের পোশাক কারখানায় ব্যবহারের পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
কারখানাটি পরিদর্শনকালে দেখা যায়, ছোট ছোট ঝুট কাপড় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কয়েকটি ধাপ অতিক্রম করে সুতা উৎপাদন করা হচ্ছে। কারখানায় প্রায় তিন'শ শ্রমিক কাজ করছে। এদের অধিকাংশই মহিলা।
আনোয়ার পারভেজ জানান, এই কারখানায় উৎপাদিত সুতা দিয়ে তৈরি জিন্সের কাপড় ইতোমধ্যে বিদেশে রপ্তানি শুরু হয়েছে। এখন অন্যান্য পোশাকও রপ্তানি শুরু করা হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল দেশের বস্ত্র খাতে সূতার চাহিদা মেটাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "বস্ত্র খাত দেশের অর্থনীতিকে বিকশিত করছে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভুমিকা রাখছে। এ খাতে প্রায় ২৪ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।"
এক পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, "২০১০ সালের মধ্যে অভ্যন্তরীন বাজারে প্রায় ১ দশমিক ৫২ বিলিয়ন কেজি সুতা ও ৯ দশমিক ১৭ বিলিয়ন মিটার কাপড় প্রয়োজন হবে। এ চাহিদা মেটাতে সরকার দেশে আরও স্পিনিং ও ওয়েভিং মিল স্থাপনে সব ধরনের সহায়তা প্রদান করবে।"
আনোয়ারুল ইকবাল দেশে সুতার চাহিদা মেটাতে যৌথ উদ্যোগে এভিটেক্স পলিকটের মতো ঝুট কাপড় ব্যবহার করে আরও স্পিনিং মিল স্থাপনের জন্য বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএআর/এমএসবি২১৫৮ ঘ.
bdnews24