ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার পূঁজিবাজারে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো ছিল চাঙাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো শেয়ারসূচকই বেড়েছে এদিন।
ডিজিইএন বা ডিএসইর সাধারণ শেয়ারসূচক এদিন দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ২৫ দশমিক ৫৭ পয়েন্ট। বেড়েছে ডিএসআই বা ডিসইর সার্বিক শেয়ার সূচক এবং ডিএসই-২০ ব্লু চিপ সূচকও।
ডিএসইতে এদিন মোট ২৫৭টি কোম্পানির ৪ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৩০৩ কোটি টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১০৮টি কোম্পানির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে। এর মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১২ দশমিক ১৮ শতাংশ বেড়ে হয়েছে ১০ টাকা ৬৮ পয়সা, আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৮ টাকা ৫০ পয়সা, এবি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৫২ টাকা ৭৫ পয়সা, স্কয়ার ফার্মার শেয়ারের দাম ১ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮৯ টাকা ৫০ পয়সা এবং উত্তরা ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৭ টাকা ৭৫ পয়সা হয়েছে।
সেরা দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, গ্রামীণ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও লংকা-বাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে, অন্যদিকে কমেছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন সবগুলো শেয়ার সূচকই বেড়েছে। সিএএসপিআই বা সাধারণ শেয়ার সূচক দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ৮ হাজার ৪০২ দশমিক ৪৬ পয়েন্ট।
সিএসইতে ১৫৩টি প্রতিষ্ঠানের ৫৭ কোটি ৩৮ লাখ টাকা দামের শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে ৭৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/এসএইচ/২১০৫ ঘ.
bdnews24