ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত আবারও বাসমতি ছাড়া অন্য সব চাল রপ্তানি নিষিদ্ধ করেছে। স্থানীয় বাজারে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে সোমবার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। বিবিসি এ খবর জানিয়েছে।
ভারতের এই সিদ্ধান্তের প্রসঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সরকারিভাবে ভারত থেকে চার লাখ টন চাল আনার ক্ষেত্রে কোন সমস্যা হবে না। এ ব্যাপারে ইতিমধ্যেই চুক্তি হয়েছে। (আরও তথ্যসহ)
তিনি বলেন, "এ বিষয়ে অফিসিয়ালি আমি কিছ্ ুজানি না। খবরটি আপনাদের কাছেই প্রথম শুনলাম।"
ভারত গত বৃহস্পতিবার চালের দাম টন প্রতি ৬৫০ ডলার থেকে বাড়িয়ে এক হাজার ডলার করেছিল। এর আগে, জানুয়ারিতে আরও একবার চালের দাম বাড়ায় দেশটি। ডিসেম্বরে প্রতি টন চালের দাম ছিল ৩৯৫ থেকে ৪০৫ ডলার। জানুয়ারির শেষের দিকে তা বাড়িয়ে ৫১০ ডলার করা হয়।
মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে সুগন্ধী বাসমতি চালের রপ্তানি মূল্য বাড়িয়ে টন প্রতি ১২০০ ডলার করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক চালের বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এর আগে গত অক্টোবরেও চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বের তৃতীয় বৃহৎ চাল রপ্তানিকারক দেশটি।
চাল উৎপাদনের দিক থেকে ভারত দ্বিতীয় বৃহৎ দেশ। বছরে তারা প্রায় ৪০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে থাকে।
আন্তর্জাতিক বাজারেও খাদ্যের মজুদ গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ভারত সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নিলো।
এ ছাড়া ভারত সোমবার অপরিশোধিত ভোজ্য তেল আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
খাদ্য সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান গত শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, দেশে এখন চার লাখ ৮১ হাজার টন চাল মজুদ আছে। তা দিয়ে দুই মাসের বেশি সময় অনায়াসে চলে যাবে। মে মাসের প্রথম দিকেই বোরো ধান উঠতে শুরু করবে। তখন আর কোনো সমস্যা হবে না।
বিশ্বখাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০০৭ সালে সারাবিশ্বে চালের উৎপাদন হয়েছে ৬৪২ মিলিয়ন টন। যা ২০০৬ সালের চেয়ে মাত্র এক শতাংশ বেশি। চলতি বছর বিশ্বে চালের সর্বোচ্চ উৎপাদন ৬৩৫ মিলিয়ন টন হতে পারে। উৎপাদন বেশি না হলেও চালের ব্যবহার দেড় থেকে দুই শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বখাদ্য কর্মসূচি ।
এ পরিস্থিতিতে এ বছর বিশ্বে খাদ্য মজুদ আগের চেয়ে কমে ৭২ মিলিয়ন টনে দাঁড়াবে বলে আভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ।
উৎপাদক ও মজুদের এমন নাজুক অবস্থায় গত দু মাসে আন্তর্জাতিক বাজারে চালের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24