ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশে মালয়েশীয় পণ্যের বাজার বাড়াতে "হালাল মালয়েশিয়া সপ্তাহ" পালন করবে দেশটি। এ উপলক্ষে আগামী ২২ থেকে ২৬ জুলাই হোটেল শেরাটন ও বসুন্ধরা সিটিতে প্রদর্শনীর আয়োজন করা হবে।
শনিবার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে তিন দিনব্যাপী মালয়েশীয় পণ্যের প্রদর্শনীর শেষ দিনে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার উদ্যোক্তা ও সমবায় উন্নয়ন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতো মোহাম্মদ হাসিম বিন আব্দুল্লাহ এ ঘোষণা দেন।
তিনি বলেন, "বাংলাদেশে মালয়েশীয় হালাল পণ্যের বাজার বাড়াতে হালাল মালয়েশিয়া সপ্তাহ' ২০০৮ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে দু'দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।"
মালয়েশিয়া হাই কমিশন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার দাতো আবদুল মালেক বিন আবদুল আজিজ এবং বিএমসিসিআই সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৩০ঘ.
bdnews24