ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) কোম্পানি কোটেকনা ইন্সপেকশন এসএ-র নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধানের পরিপন্থী কার্যকলাপের জন্য প্রি-শিপমেন্ট ইন্সপেকশন বিধিমালা ২০০২ অনুযায়ী 'বি' ও 'ডি' ব্লকের আওতাধীন দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন কাজ করে প্রত্যয়নপত্র (সিআরএফ) প্রদানের জন্য নিয়োগকৃত পরিদর্শন সংস্থা কোটেকনার নিয়োগ বাতিল করে সরকারী আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ পরিপেক্ষিতে সরকার 'বি' ব্লকের দেশসমূহে (চীন, থাইল্যান্ড, কোরিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়া) পিএসআই কাজের জন্য পরিদর্শন সংস্থা বিআইভিএসি ইন্টারন্যাশনাল এস এ ফ্রান্স এবং 'ডি' ব্লকের দেশসমূহের (জাপান, হংকং, ভিয়েতনাম, তাইওয়ান, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সলোমন আইল্যান্ড, ফিজি, কিরিবাতি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি) জন্য এসজিএস সোসাইটি জেনারেল সার্ভিলেন্স এস এ সুইজারল্যান্ডকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত দায়িত্ব দিয়েছে।
এ অবস্থায় ২০ মার্চ থেকে 'বি' ও 'ডি' ব্লকের দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট আমদানিকারকদের ঋণপত্রে "কোটেকনা ইন্সপেকশন"-এর বদলে যথাক্রমে বিআইভিএসি ইন্টারন্যাশনাল এবং এসজিএস- এর নাম লিখতে অনুরোধ করা হয়েছে।
কোটেকনাসহ মোট চারটি পিএসআই কম্পানি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। বিগত জোট সরকার ২০০৫ সালের আগস্ট মাসে তিন বছরের জন্য এদের নিয়োগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩০১ঘ.
bdnews24