২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ও সূচক বেড়েছে পুঁজিবাজারে

বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার আগ্রহ বাড়ায় বুধবারও শেয়ার বাজারে সূচক বেড়েছে। ব্যাংক ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেনও বেড়েছে এদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার আগ্রহ বাড়ায় বুধবারও শেয়ার বাজারে সূচক বেড়েছে। ব্যাংক ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেনও বেড়েছে এদিন। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে পোর্টপোলিও পুনর্বিন্যাসের প্রবণতা অব্যাহত থাকায় লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। এছাড়া বিনিয়োগকারীরা অতিরিক্ত শেয়ার ও লভ্যাংশ ঘোষণার আশায় শেয়ার কেনায় এদিন বেশ কিছু সিমেন্ট ও রাসায়নিক প্রতিষ্ঠান লেনদেনের তালিকার ওপরের দিকে চলে আসে। স্টক অ্যান্ড বন্ড লিমিটেড এর বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার হাইডেলবার্গ সিমেন্ট, ফু ওয়াং ফুডসের মতো কম জনপ্রিয় প্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপারে বাড়তি আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। অতিরিক্ত শেয়ার ও লভ্যাংশ ঘোষণার আশাতেই তারা এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে মনে হচ্ছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ২৯৮৬ দশমিক ৪০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেড়ে হয়েছে ২৫২২ দশমিক ৭২ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ২২২৬ দশমিক ৫৯ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৮ কোটি টাকার ২ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৮৭০টি শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা। ডিএসইতে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ৬টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেযারের দাম ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১৩৭ টাকা ২০ পয়সা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম এদিন এক দশমিক ২০ শতাংশ বেড়ে হয়েছে ৩৭২৭ টাকা ২৫ পয়সা। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৮৮ শতাংশ কমে ৩১৯১ টাকা হয়েছে। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ২ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯ টাকা ৬২ পয়সায় পৌঁছায়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দামও বেড়েছে। ২ দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ৭১ টাকা ৭০ পয়সা। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৬২৪ টাকা হয়েছে। এছাড়া এদিন অ্যাটলাস বাংলাদেশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট ও স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে। কমেছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের দাম। সিরামিক, মিউচুয়াল ফান্ড ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৪৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৫টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ৭৭৪৬ দশমিক ৪৫ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৯৬৪ দশমিক ৫৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৬৭৫৩ দশমিক ৮২ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৮৩২ ঘ.