ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত ছয়টি পাটকল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
যে পাটকলগুলো ইজারা দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে- খুলনার পিপলস জুটমিল, চট্টগ্রামের এমএম জুটমিল, আরআর জুটমিল, কর্ণফুলী জুটমিল, ফোরাত কর্ণফুলী জুটমিল ও সিরাজগঞ্জের কওমী জুটমিল।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে আনোয়ারুল ইকবাল জানান, রাষ্ট্রায়াত্ত ২২টি পাটকলের মধ্যে এ ছয়টিসহ মোট আটটি বন্ধ রয়েছে। তবে খুলনার আলীম জুট মিলের মালিকানা নিয়ে মামলা থাকায় সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আর ঢাকার বাগদাদ কার্পেট ইজারা দিতে পুনঃদরপত্র আহ্বান করা হবে।
আনোয়ারুল ইকবাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।
ছয়টি পাটকল দুই দফায় দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হবে উপদেষ্টা জানান।
আনোয়ারুল ইকবাল বলেন, "দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের কোনও পাটকলই লাভ করতে পারেনি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার লোকসান দিয়েছে। এসব প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন বা করেছেন, তাদের সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
পাট শিল্প খাতেও দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের তদন্ত চালানো উচিৎ মন্তব্য করে উপদেষ্টা বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ খাতে টাস্কফোর্সের কাজ করা উচিৎ। যারা চাকরি করছেন বা করেছেন; তাদের সম্পত্তির হিসাব নেওয়া উচিৎ।"
উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে পাটকলগুলোতে কাঁচামাল কেনা এবং শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য মোট ১৮২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যার মধ্যে কাঁচামাল কিনতে ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, "সময়মতো অর্থ পাওয়া এবং কাঁচামাল সংগ্রহ করায় মিলগুলোকে সময়মতো চালু করা সম্ভব হয়েছে। এতে ঢাকার বাংলাদেশ জুটমিল, লতিফ বাওয়ানী জুটমিল এবং চট্টগ্রামের হাফিজ জুটমিল লোকসান কাটিয়ে বর্তমানে আয়-ব্যয় সমপর্যায়ে এসেছে। এ সব পাটকলে লাভ করা এখন সময়ের ব্যাপার।"
খুলনার পাটকল শ্রমিক অসন্তোষের কারণ জানতে চাইলে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৫৭ বছর। ফলে চলতি বছর এ আইন বাস্তবায়িত হওয়ায় অনেক শ্রমিককে অবসরে যেতে হচ্ছে। একই সঙ্গে মিলগুলোকে লাভজনক করতে অনেক মিল থেকে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এছাড়া দৈনিক মজুরি প্রথা চালু করায় অনেকের মজুরি কিছুটা কমেছে।"
খুলনার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে গত ৫ মার্চ বৈঠক হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "বৈঠকে উৎপাদন বাড়লে মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলে শ্রমিকরা তা মেনে নিয়েছে।"
তিনি জানান, এতে খুলনা অঞ্চলের সাতটি পাটকলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩০৩ দশমিক ৫৪ মেট্রিক টন উৎপাদন বেড়েছে। গত ৮ মার্চ যেখানে উৎপাদন ছিল ৫৩৬ দশমিক ৭২ মেট্রিক টন, সপ্তাহের শেষে ১৪ মার্চ উৎপাদন বেড়ে ৮৪০ দশমিক ২৬ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, "উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে শ্রমিকদের মজুরিও বাড়ানো হবে। এ বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১৬ ঘ.
bdnews24