২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার বড় উৎস হতে পারে কলসেন্টার: বিটিআরসির চেয়ারম্যান

দেশের টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে কলসেন্টার। বৈদেশিক মুদ্রার বড় উৎসও হতে পারে এ খাত। কলসেন্টার স্থাপনের গাইডলাইন তৈরির জন্য গণশুনানির আগে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে কলসেন্টার। বৈদেশিক মুদ্রার বড় উৎসও হতে পারে এ খাত। কলসেন্টার স্থাপনের গাইডলাইন তৈরির জন্য গণশুনানির আগে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম । বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণশুনানি হওয়ার কথা আছে। বিটিআরসি চেয়ারম্যান বলেন, "দেশে কলসেন্টারের বড় বাজার রয়েছে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি আমরা ঠিক মতো পরিচালনা করতে পারি তাহলে বৈদেশিক মুদ্রার অন্যতম বড় উৎস হতে পারে এ খাত।" মনজুরুল আলম আরও বলেন, "আমাদের দেশের যুবসমাজ মেধাবী। সহজ শর্তে লাইসেন্স দেওয়া হচ্ছে যাতে তারা এ সুযোগ নিতে পারে। এতে করে যুব সমাজ মেধা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও আনতে পারবে।" কলসেন্টার স্থাপনের গাইডলাইন বিষয়ে বিটিআরসির কর্মকর্তা আবদুল্লাহ ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনসাধারণের মতামতের ভিত্তিতে এটি করা হবে। বাংলাদেশে এ ধরনের গণশুনানি প্রথমবারের মতো হতে যাচ্ছে। বিশেষ করে টেলিযোগাযোগ খাতে কখনই হয়নি। বিটিআরসি জানায়, দুই হাজার একশ আগ্রহী ব্যক্তি শুনানিতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। দু'পর্বে শুনানি হবে। সকাল ১০টা থেকে প্রথম পর্ব এবং বিকেল ৩টা থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। প্রতি পর্ব তিন ঘণ্টা স্থায়ী হবে। আবদুল্লাহ ফেরদৌস বলেন, "একটি কলসেন্টার কেবল গ্রাহকদের কল গ্রহণ করবে না, সেখান থেকে ডাটা ও ইনফরমেশন প্রসেসিংসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। এ ধরনের বিজসেন প্রসেসিং আউটসোর্সিং এর ক্ষেত্রে ভারত বিশ্বে প্রথম স্থানে আছে।" কলসেন্টার স্থাপনে গাইডলাইন তৈরির জন্য ইন্টারনেটে মতামত আহ্বান করে বিটিআরসি। শুনানির পর এর সঙ্গে সমন্বয় করে গাইডলাইন করা হবে। মোট তিন শ্রেণীতে কলসেন্টার স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হবে। এগুলো হচ্ছে কলসেন্টার, হোস্টেড কলসেন্টার এবং হোস্টেড কলসেন্টার সার্ভিস প্রোভাইডার। খসড়া গাইড লাইনে ৫০ হাজার টাকা লাইসেন্স ফি নির্ধারণ করা হলেও এটি আরও কমতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৭৩১ঘ.