আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায়ই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
২০০৭-০৮ অর্থবছরের বাজেটে এডিপি'র আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এর ২৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪০ শতাংশ।
গত বছরগুলোতে ধারাবাহিকভাবেই এডিপির কাটছাঁট চলেছে। রাজনৈতিক সরকারগুলোর এ ধারাবাহিকতা তত্ত্বাবধায়ক সরকারের সময়েও অব্যাহত থাকছে।
পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চলতি অর্থবছরের এডিপি'র আকার ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামী ২৪ মার্চ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে।"
ওই বৈঠকে আগামী ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত একটা খসড়া প্রতিবেদনও উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা সচিব জানান।
বাস্তবায়নের ধীর গতির কারণেই ২৬ হাজার ৫০০ কোটি টাকার এডিপি থেকে চার হাজার কোটি টাকা বাদ দিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
এদিকে গত সোমবার এক প্রাক-বাজেট আলোচনায় অর্থনীতিবিদরা এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে নতুন অর্থবছরের এডিপি'র আকার যাতে উচ্চাভিলাষী না হয়ে বাস্তবায়নযোগ্য ও বাস্তবসম্মত হয়, সেদিকে দৃষ্টি রাখার পরামর্শও দিয়েছেন তারা।
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন,
অর্থনীতিবিদদের এ প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, গত ২০০৬-০৭ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৬ হাজার কোটি টাকা। অর্থবছর শেষে তা থেকে চার হাজার ৪০০ কোটি টাকা কাঁটছাট করে ২১ হাজার ৬০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০০৫-০৬ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৪ হাজার ৫০০ কোটি টাকা। পরে তা কমিয়ে ২১ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। এর আগের অর্থবছরে (২০০৪-০৫) মূল এডিপির আকার ছিল ২২ হাজার ৫০০ কোটি টাকা। পরে তা সংশোধন করে ২০ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
অন্যদিকে এই সংশোধিত এডিপির পুরোটাও কখনও বাস্তবায়ন হয়নি। ২০০৬-০৭ অর্থবছরে সংশোধিত এডিপির ৮১ শতাংশের বাস্তবায়ন হয়েছিল। ২০০৫-০৬ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৯০ শতাংশ। ২০০৪-০৫ অর্থবছরে ছিল ৯৩ শতাংশ। ২০০৩-০৪ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৭৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএ/১৪০০ঘ.
bdnews24