২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা এক করার উদ্যোগ

শিল্প উন্নয়নের লক্ষ্যে গঠিত দুটি সরকারি সংস্থা বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) কে এক করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার লভ্যাংশ হস্তান্তর শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অভিন্ন উদ্দেশ্যে গঠিত দুটি ক্ষুদ্র সংস্থা রাখার চেয়ে বরং একটি বড় সংস্থা রাখা ভালো। এ কারণেই সরকার এই সংস্থা দুটিকে একীভূত করার উদ্যোগ নিয়েছে। যাতে শিল্প উন্নয়নে ব্যাপক অবদান রাখা সম্ভব হয়।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প উন্নয়নের লক্ষ্যে গঠিত দুটি সরকারি সংস্থা বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) কে এক করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার লভ্যাংশ হস্তান্তর শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অভিন্ন উদ্দেশ্যে গঠিত দুটি ক্ষুদ্র সংস্থা রাখার চেয়ে বরং একটি বড় সংস্থা রাখা ভালো। এ কারণেই সরকার এই সংস্থা দুটিকে একীভূত করার উদ্যোগ নিয়েছে। যাতে শিল্প উন্নয়নে ব্যাপক অবদান রাখা সম্ভব হয়।" তিনি আরো বলেন, "এ ব্যাপারে প্রাথমিক সমীক্ষার কাজও শুরু হয়েছে। তবে কতদিনের মধ্যে সংস্থা দুটিকে একত্রিত করা সম্ভব হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি।" বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার বেসরকারিকরণ উদ্যোগ সম্পর্কে অর্থ উপদেষ্টা জানান, এটাকে বেসরকারিকরণ করা হচ্ছে না। বরং এর কিছু শেয়ার পুঁজি বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল । এখন এটা একীভূত করার পরও করা হতে পারে বলে জানান তিনি। উপদেষ্টা জানান, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এ বছর সরকারকে এক কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। শিল্প ঋণ সংস্থার পরিচালক এসআরএম হাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "শিল্প ঋণ সংস্থা বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে শিল্প উন্নয়নে কোনও অবদান রাখতে পারছে না। এ কারণে সরকার সংস্থা দুটিকে একত্রিত করার উদ্যোগ নিয়েছে।" তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানই বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে এবং ঋণ আদায়ের পরিমাণও বেড়েছে। বাংলাদেশে চাল রপ্তানির ক্ষেত্রে ভারতের বিভিন্ন জটিলতার উল্লেখ করে এতে কোনও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে কি না- সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা তা উড়িয়ে দেন। তিনি বলেন, "আমি মনে করি না, এতে কোনও 'কন্সপিরেসি' রয়েছে। তাদেরও (ভারত) কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে।" ভারত থেকে চাল আমদানির বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হচ্ছে কিনা- জানতে চাইলে মির্জ্জা আজিজুল ইসলাম তা নাকচ করে বলেন, "ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন পর্যায়েই আলোচনা হয়েছে।" এর আগে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/এমআই/১৬৪৫ ঘ.