ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ রেলওয়েকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) পরিণত করার শর্তে সরকারকে প্রায় তিন হাজার কোটি টাকা (৪৩০ মিলিয়ন ডলার) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ ঋণের আওতায় বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন ও সংস্কার কাজ করা হবে।
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও বিভাগের মাসিক সমন্বয় সভা শেষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
মাহবুবুর রহমান বলেন, " ইতোমধ্যেই সরকার রেলওয়ের উন্নয়ন ও সংস্কারের কাজ শুরু করেছে যা ২০১২ সালের মধ্যে শেষ হবে। এ কার্যক্রম বাস্তবায়নে এডিবি ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। কাজ শেষ হওয়ার পরই এডিবির শর্ত অনুযায়ী বাংলাদেশে বিমানের মতো বাংলাদেশ রেলওয়েকেও পিএলসি করা হবে।"
তিনি আরো বলেন, বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকা লোকসান দিচ্ছে। গত ২০০৬-০৭ অর্থবছরেও রেলওয়ে ৫০৯ কোটি টাকা লোকসান দিয়েছে। এ সময় রেলওয়ের বার্ষিক আয় ৪৬৬ কোটি টাকা হলেও ব্যয় হয়েছে ৯৭৫ কোটি টাকা। এ অবস্থায় রেলওয়েকে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা সরকারের জন্য ক্ষতিকর।
সচিব জানান, বাংলাদেশ রেলওয়ের ট্রেনগুলো ৪৪টি জেলার ২৮৩৫ কিলোমিটার পথে চলাচল করছে। মোট স্টেশন সংখ্যা ৪৫৪টি এবং রেলওয়ের যাত্রীবাহী কোচ সংখ্যা ২৫৮টি ও মালবাহী কোচ ৫৪টি। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় সাত থেকে আট শতাংশ ট্রেনে চলাচল করে।
নিম্ন আয়ের জনগোষ্ঠীর একটি বড় অংশ ট্রেনে চলাচল করে, তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রেখেই রেলওয়েকে পিএলসি করা হবে। তবে কী বিকল্প নেওয়া হচ্ছে, সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু জানাননি।
সা
bdnews24