২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ইপিজেডগুলো বিনিয়োগের আদর্শ স্থান: সিসিসিটি প্রতিনিধিদল

সফররত চায়না চেম্বার অফ কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইল (সিসিসিটি) প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন, বাংলাদেশের ইপিজেডগুলো বিনিয়োগের আদর্শ স্থান। এখানে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাসহ বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত চায়না চেম্বার অফ কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইল (সিসিসিটি) প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন, বাংলাদেশের ইপিজেডগুলো বিনিয়োগের আদর্শ স্থান। এখানে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাসহ বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে ২১ সদস্যের চীনের এ প্রতিনিধদলটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সিইপিজেডের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক আনোয়ার পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিনিধি দলের প্রধান সিসিসিটি এর ভাইস চেয়ারম্যান চাও জিন উ মতবিনিময় সভায় বাংলাদেশে তৈরি পোশাক খাতের অগ্রগতি কথা উল্লেখ করে বলেছেন, সে অনুপাতে বস্ত্র খাত বিকশিত হয়নি। এদেশের তৈরি পোশাক খাতকে সহায়তার জন্য তিনি বস্ত্র খাতে বিনিয়োগ করতে এবং সহযোগিতা দিতে চীনের আগ্রহের কথা জানিয়েছেন। জোন সার্ভিসেস কমপ্লেক্সে মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি সিইপিজেড ঘুরে দেখেন এবং চীনা নাগরিকদের মালিকানাধীন দুইটি কারখানা- বাংলাদেশ স্পিনার্স অ্যান্ড নিটার্স লিমিটেড এবং ওয়ার্ল্ড ই ড্রেস প্যান্ট লিমিটেড পরিদর্শন করেন। এসময় সিইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেপজার দেওয়া বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে সিইপিজেড মহাব্যবস্থাপক ইপিজেডগুলোতে বস্ত্র খাতে আরও বিনিয়োগের জন্য চীনের প্রতিনিধিদলকে আহবান জানান। প্রতিনিধি দলটি এর আগে বুধবার বেপজা নির্বাহী দপ্তর এবং ঢাকা ইপিজেড পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৩২ ঘ.