২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে ২০ হাজার টন চাল কিনছে সরকার

মিয়ানমার থেকে ২০ হাজার টন আতপ চাল চাল আমদানি করছে সরকার। চলতি মাসেই তা দেশে আসার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার থেকে ২০ হাজার টন আতপ চাল চাল আমদানি করছে সরকার। চলতি মাসেই তা দেশে আসার কথা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভপপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ৩৯৫ দশমিক ৫০ ডলার দামে এই চাল আমদানি করা হবে। দুটি দরদাতা প্রতিষ্ঠান নরডিক মেরিন লিমিটেড ও আল রোপন ইন্টারন্যাশনাল ১০ হাজার টন করে চাল সরবরাহ করবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "মিয়ানমার থেকে ২০ হাজার টন চাল আমদানির জন্য সবমিলিয়ে ৫৮ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা প্রয়োজন হবে। এই অর্থ চলতি ২০০৭-০৮ অর্থবছরের চাল ক্রয় খাত থেকে দেওয়া হচ্ছে।" ভারত বিভিন্ন সময়ে চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করায় ও দাম বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশ সরকার থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে চাল আমদানির উদ্যোগ নেয়। এর অংশ হিসেবেই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মিয়ানমার থেকে ২০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৯২৬ঘ.