আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজের কাছে বিক্রির সিদ্ধান্ত বাতিল করার পর রূপালী ব্যাংক নিয়ে তিনটি বিকল্প বিষয়ে ভাবছে সরকার। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর, বাজারে আরো শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ এবং আবারও বিক্রির চেষ্টা- এই তিন বিকল্পের মধ্যে প্রথমটিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক, সবার আগে ব্যাংকটিকে পুরোপুরি সচল করতে হবে।
অর্থ উপদেষ্টা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংক বিক্রির প্রাথমিক চুক্তি বাতিল হয়ে যাওয়ায় ব্যাংকটিকে আবার সচল করার উদ্যোগ নিচ্ছে সরকার।"
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে রূপালী ব্যাংকের বিষয়ে তিন ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণীর মতো রূপালীকেও পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। শেয়ার বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের আরও কিছু শেয়ার বাজারে ছেড়ে আপাতত আর্থিক সঙ্কট মিটিয়ে ব্যাংটি আবার সচল করা যায়। অথবা আবার দরপত্র ডেকে ব্যাংকটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করা যায়।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু একবার চেষ্টা করে ব্যাংকটি বিক্রি করা যায়নি এবং আরো শেয়ার ছেড়ে বাজার থেকে মূলধন সংগ্রহ করা খুবই কঠিন কাজ, সেহেতু রূপালী ব্যাংককেও পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা যায় কি না তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে।
এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, "যে সিদ্ধান্তই হোক, তা বাস্তাবয়ন করতে হবে ব্যাংকটি সচল করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পর।"
সরকার ২০০৩ সালে রূপালী ব্যাংক বেসরকারী খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর থেকে ব্যাংকটির নতুন শাখা খোলা, ঋণ বিতরণ ও নতুন নিয়োগ বন্ধ রয়েছে।
প্রাথমিক চুক্তির পরও সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-সৌদ প্রায় দেড় বছর ব্যাংকটির হস্তান্তর প্রক্রিয়া ঝুলিয়ে রাখায় গত সোমবার সরকার ব্যাংক বিক্রির চুক্তিটি বাতিল করে দেয়। ব্যাংকটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য বেসরকারি কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেয় সরকার।
বেসরকারিকরণ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ ব্যাংকটি কেনার নামে প্রায় দেড় বছর ধরে শুধুই 'কালক্ষেপণ' করেছেন। সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টে (এসপিএ) সই না করে সরকারের সঙ্গে করা প্রাথমিক চুক্তিও ভঙ্গ করেছেন তিনি।
এই প্রতিবেদনের সুপারিশের আলোকেই সরকার রূপালী ব্যাংক বিক্রির কার্যক্রম বাতিল ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24