২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাবাসীদের জন্য ১০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আইপিও অনুমোদন

প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) আইসিবি এনআরবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডকে ১০০ কোটি টাকার আইপিও শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এই অনুমোদনের পর প্রতিষ্ঠানটি মিউচ্যুয়াল ফান্ড প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধনী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) আইসিবি এনআরবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডকে ১০০ কোটি টাকার আইপিও শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এই অনুমোদনের পর প্রতিষ্ঠানটি মিউচ্যুয়াল ফান্ড প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধনী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর আগে ১৭ কোটি টাকা মূলধন নিয়ে গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ছিল শীর্ষ মূলধনী প্রতিষ্ঠান। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবারের বৈঠকে আইসিবি এনআরবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডকে ১০০ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমোদন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।" তিনি জানান, প্রবাসী বাংলাদেশীরা এর মধ্যে ৬০ কোটি টাকার শেয়ার কিনতে পারবে। স্থানীয় বিনিয়োগকারীরা পাবেন ২০ কোটি টাকার শেয়ার। এ ছাড়াও প্রতিষ্ঠানের মূল অংশীদাররা পাবেন ১০ কোটি টাকার শেয়ার; বাকি ১০ কোটি টাকার শেয়ার বাজারে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর জন্য ১০শতাংশ সংরক্ষিত কোটা হিসেবে বরাদ্দ থাকবে বলেও জানান এসইসি এর নির্বাহী পরিচালক। স্টক এক্সচেঞ্জে বর্তমানে মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে আইসিবি ও এর সহযোগী প্রতিষ্ঠানের অংশিদারীত্ব রয়েছে ১২টি। একটি করে আছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এইমস ও গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের। এদিকে, মঙ্গলবারের বৈঠকে বিও হিসাবের জন্য ব্যাংক সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ফরহাদ আহমেদ বুধবার বলেন, "বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ জারি হওয়ার ছয় মাসের মধ্যে চলতি বিও হিসাবধারীদের যাবতীয় নিয়মনীতি পূরণ করতে হবে।" ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া এখন থেকে ভুয়া বিও হিসাবের বিপরীতে থাকা আইপিও শেয়ার বাজেয়াপ্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এ ব্যাপারে বলেন, "ভুয়া বিও অ্যাকাউন্টের কারণে প্রাথমিক শেয়ার অন্য বিও অ্যাকাউন্টে স্থানান্তর করা না গেলে শেয়ারগুলো বাজেয়াপ্ত করা হবে।" এর আগে বিশেষ প্রক্রিয়ায় ওইসব শেয়ার অন্য বিও অ্যাকাউন্টধারীর নামে স্থানান্তরের ব্যবস্থা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৬২৭ঘ.