২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়িং উড়োজাহাজ ইজারা নিতে দরপত্র ডেকেছে বিমান

উড়োজাহাজ সঙ্কট কাটাতে জরুরিভিত্তিতে একটি বোয়িং-৭৪৭ ইজারা নেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উড়োজাহাজ সঙ্কট কাটাতে জরুরিভিত্তিতে একটি বোয়িং-৭৪৭ ইজারা নেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এর আগে সোমবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল সাংবাদিকদের জানিয়েছিলেন, বিমান কর্তৃপক্ষ একটি বোয়িং ৭৪৭-২০০ ও একটি ৭৪৭ উড়োজাহাজ ছয় মাসের জন্য ইজারা নেওয়ার চেষ্টা করছে। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতোপূর্বে ইজারা নেওয়া একটি বোয়িং-৭৪৭ দু'একদিনের মধ্যেই ঢাকায় এসে পৌঁছবে। উল্লেখ্য, গত বছরও বিমান চারটি সুপরিসর উড়োজাহাজ ইজারার মাধ্যমে কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। তবে তখন এ ব্যাপারে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়নি। বর্তমানে বিমানের উড়োজাহাজ বহরে রয়েছে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮। অনেক দিনের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো অচল হয়ে পড়ে বলে বিমানের ফ্লাইটসূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণে অনিয়ম ও লাগামহীন দুর্নীতিও বিমানের দুরবস্থার জন্য দায়ী বলে ব্যাপকভাবে মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এসকে/২০৩৮ঘ.