ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রূপালী ব্যাংক বিক্রি করতে সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদের সঙ্গে করা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আপাতত প্রত্যাহার করা হয়েছে বেসরকারিকরণ তালিকা থেকে রূপালী ব্যাংকের নাম।
সোমবার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "রূপালী ব্যাংক বিক্রির চুক্তি অনুযায়ী সৌদি যুবরাজ নির্ধারিত সময়ে টাকা জমা দেয়নি। চুক্তিটি বাতিল সাপেক্ষে রূপালী ব্যাংক বেসরকারিকরণ সংক্রান্ত প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।"
এ ছাড়া বেসরকারিকরণ তালিকা থেকে রূপালী ব্যাংকের নাম আপাতত প্রত্যাহার করার জন্যও বেসরকারিকরণ কমিশনকে বলা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
সৌদি যুবরাজের কাছ থেকে কোন ক্ষতিপূরণ আদায় করা হবে কিনা প্রশ্ন করলে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "ক্ষতিপূরণের বিষয়টি চুক্তিতে কি ছিল সেটা দেখে ব্যবস্থা নেওয়া হবে।"
এছাড়াও বৈঠকে হাজারিবাগের ট্যানারি শিল্প, সাভারের বিশেষ রপ্তানিকরণ অঞ্চল স্থান্তাররের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/আরএ/জিএনএ/১৪৪৫ ঘ.
bdnews24