২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক সরকার না এলে সঙ্কট কাটবে না: ডিসিসিআই সভাপতি

দুর্নীতি বিরোধী অভিযানসহ নানা কারণে দেশের অর্থনীতিতে যে সঙ্কট চলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না এলে সে সঙ্কট কাটবে না বলে মন্তব্য করেছেন ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। শনিবার মতিঝিলে চেম্বার মিলনায়তনে ডিসিসিআই-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে আরও বলেন, "আমরা আশা করেছিলাম, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বিরোধী অভিযানসহ নানা কারণে দেশের অর্থনীতিতে যে সঙ্কট চলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না এলে সে সঙ্কট কাটবে না বলে মন্তব্য করেছেন ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। শনিবার মতিঝিলে চেম্বার মিলনায়তনে ডিসিসিআই-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে আরও বলেন, "আমরা আশা করেছিলাম, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি বিরোধী অভিযানসহ নানা কারণে দেশের অর্থনীতিতে সৃষ্ট সঙ্কটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এ পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধি কম হবে।" যে কোনও সংস্কারের সুফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না উল্লেখ করে হোসেন খালেদ বলেন, "বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে তা ইতিবাচক ফল বয়ে আনবে।" সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ২২ মার্চ শোভাযাত্রা, ২৯ মার্চ পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। এ ছাড়া ডিসিসিআই ও ঢাকার বাণিজ্যিক ইতিহাসের ওপর কুইজ ও কৌতুক প্রতিযোগিতা থাকবে। বছরব্যাপী কর্মসূচির আরও রয়েছে ঢাকার বাণিজ্যিক ইতিহাসের বিভিন্ন পুরাকীর্তি প্রদর্শনে 'নগর ভবন জাদুঘর' উদ্বোধন ও 'ঢাকার বাণিজ্যিক ইতিহাস' প্রকাশ। এ ছাড়া সেপ্টেম্বরে 'বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগের ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার ও অক্টোবরে 'আন্তর্জাতিক অর্থনীতি' বিষয়ক দুটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করবে ডিসিসিআই। সেমিনার দু'টিতে যুক্তরাজ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাজনৈতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা চেম্বারের প্রথম সভাপতি ও ওয়াই বাওয়ানী, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, এম ইউনুছ, এ এম কাশেম, আর মাকসুদ খান, আফতাব-উল ইসলাম, মতিউর রহমান, বেনজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৫৫৮ ঘ.