ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত রাখায় চাঙ্গাভাবেই সপ্তাহ শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বৃহস্পতিবার বাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে।
গত ২ মার্চ বাজারে আসা ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফিন্যান্স করপোরেশনের শেয়ারের ব্যাপারে বিনিয়োগকারীরা বৃহস্পতিবারও দারুণ আগ্রহী ছিলেন। প্রতিষ্ঠানটি ১০০ টাকা অভিহিত মূল্যে পাঁচ লাখ শেয়ার বাজারে ছেড়েছে।
আইডিএলসি সিকিউরিটিসজ এর একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বছরের প্রথম আইপিও হিসেবে ডিবিএইচ এর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।"
তবে বাজারের এই চাঙ্গাভাব কিছুটা অস্বাভাবিক বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নতুন একটি আইপিও বাজারে আসলে সাধারণত বিনিয়োগকারীরা ওই প্রতিষ্ঠানের শেয়ার কেনার জন্য হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন। এ কারণে বাজার খানিকটা গতি হারায়। কিন্তু এক্ষেত্রে বাজার চাঙ্গা হয়ে উঠেছে।"
বাজারের এই আচরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এইমস ফার্স্ট বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসিসির সঙ্গে বৈঠকের পর থেকে মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতকর্তা দেখাচ্ছে না। এ কারণেই হয়তো নতুন আইপিও'র শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা হাতের শেয়ার বিক্রি করছেন না।"
ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতেই সাধারণ সূচক উঠতে শুরু করে। মাঝ বেলায় সামান্য হোঁচট খেলেও শেষঘণ্টার লেনদেনে বাজার তা সামলে ওঠে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৩ দশমিক ৮৮ পয়েন্ট বা এক দশমিক ১৪ শতাংশ বেড়ে দুই হাজার ৯৯১ দশমিক ৩৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৬ দশমিক ৪৩ পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে দুই হাজার ৫২৮ পয়েন্ট।
এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে দুই হাজার ৩৩৯ দশমিক ১৫ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৫ কোটি টাকার ২৩ কোটি ৫৩ হাজার ৪৯৬টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল।
বৃহস্পতিবার লেনদেনে চালকের আসনে ছিল ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মিশ্রভাবে দিন পার করেছে। আর বীমা খাতের জন্য পুঁজি বাজারে একটি খারাপ দিন গেছে।
এদিন লেনদেনের তালিকায় শীর্ষে ছিল এবি ব্যাংক। এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম দুই দশমিক ৯৬ শতাংশ বেড়ে তিন হাজার ৪৩৪ টাকা ৭৫ পয়সা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ১৩০ টাকা ১০ পয়সা।
মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ওষুধ কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ২৬ শতাংশ কমে তিন হাজার ৫২৭ টাকা ২৫ পয়সা হয়েছে।
তবে আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৩৩ শতাংশ বেড়ে দুই হাজার ৯১৩ টাকা হয়েছে। এ ছাড়া উত্তরা ব্যাংকের শেয়ার দশমিক ৪৫ শতাংশ বেড়ে চার হাজার ৯৯৬ টাকা ২৫ পয়সা হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা, এপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস ও এনসিসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বিসিআইএল, আমাম সি ফুড, বিডি ডায়িং, অ্যাপেক্স ট্যানারি ও রিলায়েন্স ইন্সুরেন্স।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল।
সিএসইতে ৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার ৩৮ লাখ ৯৯ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪২টির এবং ২৪টির দাম অপরিবর্তিত ছিল।
বৃহস্পতিবার সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৮২ শতাংশ বেড়ে সাত হাজার ৫৭০ দশমিক ২৮ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক এক দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে চার হাজার ৮৮৯ দশমিক ৭৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক দশমিক ৭৪ শতাংশ বেড়ে ছয় হাজার ৮১৭ দশমিক ০৪ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএ/এএল/জেকে/১৭৩৬ ঘ.
bdnews24