২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকলের বিষয় নিয়ে বুধবার খুলনায় বৈঠক

খুলনা এলাকায় বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো চালু করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এ বিষয়ে আলোচনায় আগামী বুধবার খুলনা সার্কিট হাউজে কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা এলাকায় বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো চালু করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এ বিষয়ে আলোচনায় আগামী বুধবার খুলনা সার্কিট হাউজে কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা হবে। ওই সভার আলোচ্যসূচি এবং শ্রমিকদের সমস্যা সমাধানের উপায় নির্ধারণে সোমবার স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সচিব আব্দুর রশীদ সরকার ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান আতাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় অংশ নেন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বন্ধ হয়ে যাওয়া পাটকল চালু করতে সরকার বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।" উপদেষ্টা বলেন, "কী করে কলগুলোকে লাভজনক করা যায়, সে বিষয় নিয়েও ভাবা হচ্ছে।" বিজেএমসির চেয়ারম্যান আতাহারুল ইসলাম বলেন, "খুলনা এলাকার পাটকলগুলো অব্যাহতভাবে লোকসান দেওয়ায় এসব প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক শ্রমিকের অতিরিক্ত মজুরি এবং কিছু শ্রমিক কাজ না করেই সুযোগ-সুবিধা নেওয়ায় এ সমস্যা হচ্ছে।" তিনি জানান, এ অবস্থা থেকে উত্তরণে ৫ মার্চ খুলনায় ত্রিপক্ষীয় সভা আহ্বান করা হয়েছে। বিজেএমসি চেয়ারম্যান আরও বলেন, "এসব কারখানায় প্রয়োজনের অতিরিক্ত শ্রমিককে অতিরিক্ত বেতনে রাখা হচ্ছে। তাই ৫০ শতাংশ শ্রমিক রেখে অন্যদের কার্যভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৯১৬ ঘ.