ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সোমবার লেনদেন বাড়লেও দিনশেষে সাধারণ সূচক সামান্য কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, অস্থিরতা কাটিয়ে উঠে বাজার স্বাভাবিক হতে শুরু করেছে।
আইডিএলসি সিকিউরিটিজের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনে হচ্ছে বাজার গত কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে উঠতে শুরু করেছে। সাধারণ সূচক কিছুটা কমলেও আজ (সোমবার) লেনদেন বেড়েছে। লেনদেনের তালিকায় কিছু নতুন কোম্পানির শেয়ারও যোগ হয়েছে। এটি ইতিবাচক। মনে হচ্ছে, বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা ফিরে পাচ্ছেন।"
দিনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও শেষভাগে তা মোটামুটি স্বাভাবিক হয়ে আসে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে দুই হাজার ৯১৫ দশমিক ৭২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে হয়েছে দুই হাজার ৪৬৭ দশমিক ৫২ পয়েন্ট।
এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৭ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে দুই হাজার ৩১০ দশমিক ৭৬ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ডিএসইতে ২১২ কোটি টাকার এক কোটি ১৬ লাখ ৬৮ হাজার ১৭টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
এদিন লেনদেনের তালিকায় চালকের আসনে ছিল মিউচ্যুয়াল ফান্ড, ওষুধ, ব্যাংক ও তেল কোম্পানির শেয়ার। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ ছাড়া তেল কোম্পানির শেয়ারের দরপতন ছিল অব্যাহত।
দিনের বাজারে লেনদেনের তালিকায় শীর্ষে ছিল এবি ব্যাংক। এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম দুই দশমিক ৯৫ শতাংশ কমে তিন হাজার ২২ টাকা ৭৫ পয়সা হয়। তবে দ্বিতীয় অবস্থানে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম চার দশমিক ৮০ শতাংশ বেড়ে হয়েছে চার হাজার ৭০৪ টাকা ৫০ পয়সা।
ওষুধ কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ২৮ শতাংশ কমে তিন হাজার ৪৮৪ টাকা ৫০ পয়সা হয়েছে।
আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৯ দশমিক ৫৫ শতাংশ বেড়ে হয় ৪৫৮ টাকা ৫০ পয়সা। তবে গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম দশমিক ৮১ শতাংশ কমে ১২১ টাকা ২০ পয়সা হয়েছে।
অন্যান্য কোম্পানির মধ্যে আইএফআইসি ব্যাংক, এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও যমুনা অয়েলের শেয়ারের দাম কমেছে। বেড়েছে এসিআই ও ফারইস্ট লাইফ ইনসুরেন্স এর শেয়ারের দাম।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, গ্লাক্সো স্মিথক্লাইন, ইবনে সিনা, কে অ্যান্ড কুই ও আনোয়ার গ্যালভানাইজিং। সবচে বেশি ক্ষতি হয়েছে ফার্মাকো ইন্টারন্যাশনাল, আ্যম্বি ফার্মা, ন্যাশনাল প্লাইমার, বায়োনিক সি ফুড ও ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দাম।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী।
সিএসইতে ২৯ কোটি চার লাখ ৯০ হাজার টাকার ১৮ লাখ ৭০ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল।
এ বাজারের সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৩ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে সাত হাজার ৪৭২ দশমিক ১৭ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩০ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ কমে হয়েছে চার হাজার ৭৭০ দশমিক ৭৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬৪ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে ছয় হাজার ৬৭২ দশমিক ৭৫ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24