ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ওষুধ ও জ্বালানি খাতের কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে সোমবার মাঝবেলায় ঢাকার পুঁজিবাজারে সূচক আবারো বাড়তে শুরু করে।
এর আগে সপ্তাহের লেনদেন শুরুর প্রথম দিন রোববার মূল্যসূচকে পতন দেখা দিয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দুপুর ১২টা ২৪ মিনিটে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১০ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে দুই হাজার ৯২৬ দশমিক ৪৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে দুই হাজার ৪৭৫ দশমিক ৭ পয়েন্ট দাঁড়ায়।
মাঝবেলা পর্যন্ত ডিএসইতে ১১৬ কোটি টাকা মূল্যমানের ৫৯ লাখ ১৪ হাজার ৬০১টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টি প্রতিষ্ঠানের, কমেছে ৯১টির এবং ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।
বেলা ১২টা ২৩ মিনিটে লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম তিন হাজার ১১৪ টাকা ৭৫ পয়সা থেকে কমে দাঁড়ায় তিন হাজার ৩৯ টাকা।
এদিন স্কয়ার ফার্মার শেয়ারের দামও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এর দাম রোববারের তিন হাজার ৫২৯ টাকা ৭৫ পয়সা থেকে কমে তিন হাজার ৫০০ টাকায় নেমে আসে।
তবে দাম বেড়েছে ইউসিবিএল এর শেয়ারের দাম। এ ব্যাংকটির শেয়ার চার হাজার ৪৮৯ টাকা থেকে বেড়ে চার হাজার ৬৪৯ টাকায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া প্রথম প্রবাসী বাংলাদেশী মিউচুয়াল ফান্ড আইসিবি এএমসিএলের শেয়ারের দামও আগের দিনের ৪১৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪৫৩ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে।
মাঝবেলা পর্যন্ত লেনদেনের তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইএআইসি ব্যাংক, এসিআই, মেঘনা পেট্রোলিয়াম, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ও যমুনা অয়েলের শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/এএল/এসকে/১৬০৯ঘ.
bdnews24