ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সপ্তাহের শুরুতে রোববার দেশের দুই পুঁজিবাজারে কিছুটা দরপতন হয়েছে।
বাজার বিশ্লেষকরা এই দরপতনকে বাজারের স্বাভাবিক চিত্র বলে উল্লেখ করেছেন। তাদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির ঝোঁক ও মুনাফা তুলে নেওয়ার কারণে এই দরপতন ঘটেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, "গেল সপ্তাহে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছিল। মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ায় সপ্তাহের শুরুতে বাজারে এই দরপতন হয়।"
দিনের মাঝ বেলায় পৌনে একটার দিকে যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময়ের জন্য বাজারে লেনদেন বন্ধ ছিল। তবে বিকেল সাড়ে পাঁচটার দিকে দিন শেষে লেনদেনের অঙ্ক জানাতে আধঘণ্টার জন্য আবারো বাজার চালু হয়।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্যসূচকে ঊর্ধ্বগতির মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হলেও দ্বিতীয় ঘণ্টায় কিছুটা পতন দেখা দেয়। তবে এর পর বাজারে সূচকে পতন দেখা না দিলেও মাঝ বেলায় লেনদেন বন্ধের আগ পর্যন্ত সূচক কাটায় কোনো পরিবর্তন সূচিত হয়নি।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৭ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে দুই হাজার ৯১৩ দশমিক ৮৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমে হয়েছে দুই হাজার ৪৬৩ দশমিক ৮৪ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১০ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৮ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৯ কোটি টাকার কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
দিনের লেনদেনে ব্যাংক, ওষুধ, তেল এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারগুলো ছিল শীর্ষে। মিউচ্যুয়াল ফান্ড ও ওষুধ খাতের শেয়ারের দাম বাড়লেও কমেছে তেল কোম্পানির শেয়ারের দাম। আর ব্যাংকিং খাতের শেয়ারের দাম ছিল মিশ্র।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৭২ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ১১৪ টাকা ৭৫ পয়সা।
দাম বেড়েছে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারেরও। এর শেয়ারের দাম এক দশমিক ৯১ শতাংশ বেড়ে ১২২ টাকা ২০ পয়সা হয়। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৩৩ শতাংশ কমে দুই হাজার ৮৬১ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়।
এসিআই-এর শেয়ারের দাম চার দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১৮৯ টাকা ৩০ পয়সা হয়।
অন্যান্য শেয়ারের মধ্যে যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও এনবিএল-এর শেয়ারের দাম পড়ে যায়।
অন্য দিকে ডাচ-বাংলা ব্যাংক ও ইউসিবিএল শেয়ারের দাম বেড়েছে এদিন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) সূচক পতনের মধ্যদিয়ে দিনের লেনদেন শেষ হয় রোববার।
এদিন সিএসইতে ৩৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার ২২ লাখ ৯ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭০ টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩০ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে সাত হাজার ৫০৬ দশমিক ০৫ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৩ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে হয় চার হাজার ৮০১ দশমিক ৫৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক চার দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে ছয় হাজার ৭৩৭ দশমিক ২৪ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএইচ/২০২৮ ঘ.
bdnews24